কাউখালীতে ৮ দিন যাবত্ বিদ্যুত্ নেই

আপডেট : ১০ মে ২০১৩, ২০:৫৫
গত বৃহস্পতিবার থেকে একটানা ৮ দিন বিদ্যুত্ বিচ্ছিন্ন রয়েছে কাউখালী উপজেলা। বিগত দশ বছরের মধ্যে এ ধরনের বিদ্যুত্ বিপর্যয়ের মধ্যে আর কখনো পড়েনি কাউখালীবাসী। কাউখালী বিদ্যুত্ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী জানিয়েছেন, সেই পুরনো কথা। কাপ্তাই থেকে সমস্যা হয়েছে আমাদের করার কিছুই নেই। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যুত্ বিভাগের এসব অদক্ষ কর্মকর্তাদের কারণে চট্টগ্রাম ও রাঙ্গামাটি পার্বত্য জেলা শহর থেকে একেবারে কাছাকাছি কাউখালী উপজেলার এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসাবাণিজ্য, ছাত্র-ছাত্রীদের লেখাপড়া। নষ্ট হয়ে যাচ্ছে বাসাবাড়ির ফ্রিজে রাখা মাছ-মাংস। ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম, ঝুঁকির মধ্যে পড়েছে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্রিজে রক্ষিত লাখ লাখ টাকার ওষুধ ও টিকাসমূহ। এছাড়া জরুরী বিভাগে ভর্তি হওয়া রোগীদের নিয়ে বিপাকে পড়েছেন ডাক্তাররা। গতকাল বুধবার কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ারা বেগম জানিয়েছেন, বিগত ৭দিন ধরে কাউখালীতে বিদ্যুত্ ব্যবস্থা যেভাবে ভেঙ্গে পড়েছে তাতে রীতিমতো অবাক হওয়ার মতো। তিনি আরো জানান, কাউখালী বিদ্যুত্ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী সুভাষ চৌধুরী ঠিকমতো কর্মস্থলে না থাকার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী জানিয়েছেন, আবাসিক প্রকৌশলীর গাফিলতির কারণে কাউখালীতে ৭দিন ধরে বিদ্যুত্ বিপর্যয় ঘটেছে। কাউখালী বিদ্যুত্ সরবরাহের আবাসিক প্রকৌশলী সুভাষ কান্তি চৌধুরী জানান, লো ভোল্টেজের কারণে কাপ্তাই থেকে বিচ্ছিন্ন করে কাউখালী ও রাঙ্গুনিয়ার একাংশে হাট-হাজারী থেকে বিদ্যুত্ সংযোগ দেয়া হয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার রাতে ঘাগড়া পাওয়ার ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেয়ায় পুরো এলাকায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কাপ্তাই থেকে লাইন দেয়া হলেও তা টিকছে না। তিনি আরো জানান, আমরা হাটহাজারী থেকে লাইন বিচ্ছিন্ন করে কাপ্তাইয়ের সাথে সংযোগ দিয়েছি। এখন তারা বলতে পারবে বিদ্যুত্ কখন আসবে।