পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

আপডেট : ১০ মে ২০১৩, ২০:৫৬
নেত্রকোনা ও নারায়ণগঞ্জে মোটর সাইকেল আরোহীসহ বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর। নেত্রকোনা কেন্দুয়া সড়কের বনুয়াপাড়া পেট্রোল পাম্পের নিকট গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় শফিক আহমেদ নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হন। জানা গেছে, সকালে মদনপুর নিজ বাড়ি থেকে নেত্রকোনায় আসার পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে শফিক আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। নওগাঁ বৃহস্পতিবার নওগাঁর মান্দায় বাসের ধাক্কায় হুব্বর আলী(৪৮) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে তবে অপর ২জন প্রাণে বেঁচে গেছেন। এদিকে নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় হাজেরা বেওয়া নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার বিকালে সাপাহার-পত্নীতলা সড়কের কারিগরি কলেজ মোড়ে। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) উপজেলার কোবাগা এশিয়ান হাইওয়ে এলাকায় গত বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক ফরিদ নামে এক যুবকের মৃত্যু এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সাইকেল চালক আলামিনের মৃত্যু হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাদিপুর বড়বাড়ী গ্রামের ফরিদ স্থানীয় আমবাগ বাজার থেকে মোটর সাইকেলে চড়ে তিনজন এশিয়ান হাইওয়ের কোবাগা এলাকায় আসলে ভুলতাগামী একটি পান বোঝাই ট্রাক একই সাথে মোটর সাইকেল, সিএনজি ও একটি বাইসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক ফরিদ মারা যায়। জগন্নাথপুর (সুনামগঞ্জ) জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গন্ধর্বপুর নামকস্থানে ভটভটি চাপায় সুমন মিয়া নামে এক কিশোর নিহত হয়েছে। সে গন্ধর্বপুর গ্রামের তাজউদ্দিনের পুত্র।