ফুলবাড়িতে একই স্থানে দুই প্রকল্প

তদারকির দায়িত্বে অফিস সহকারি

আপডেট : ১০ মে ২০১৩, ২০:৫৬
ব্যাপক অনিয়মের মধ্যদিয়েই চলছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য-কাবিখা (সাধারণ) কর্মসূচির প্রথম ও দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের কাজ। নিয়ম-নীতিকে উপেক্ষা করে কৌশলে নাম পরিবর্তন করে একই স্থানে দু’টি প্রকল্প দেয়া হয়েছে। অভিযোগ, কাবিখা (সাধারণ) প্রকল্পের রাস্তা সংস্কারের নামে রাস্তার ওপর কিছু মাটি ছিটিয়েই শেষ করা হচ্ছে প্রকল্পের কাজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, একই স্থানে দু’টি প্রকল্প দেয়া কোনভাবেই যাবে না। এটা কীভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে অনিয়মের সত্যতা পাওয়ায় উপজেলা প্রকল্প কর্মকর্তাকে গত ২৫ এপ্রিল কারণ দর্শানোর নোটিস দেয়ার পাশাপাশি প্রকল্পগুলো দেখভালের দায়িত্ব দেয়া হয়েছে প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী গজেন চন্দ্রকে। সরেজমিনে দেখা গেছে, স্থান ঠিক থাকলেও দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের নাম বদলে দেয়া হয়েছে “দাদপুর মৌজার মিশনের রাস্তার কালিচরণের বাড়ির পার্শ্বে গর্ত ভরাট ও রাস্তা সংস্কার”। কাবিখা ও টিআর (সাধারণ) প্রকল্পের কাজে অনিয়ম ও একই স্থানে পৃথক দু’টি প্রকল্প বাস্তবায়নের কথা স্বীকার করে উপজেলা প্রকল্প কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যানের কারণে এই অনিয়ম হয়েছে। চেয়ারম্যান বুড়ো মানুষ এবং অসুস্থ হওয়ায় তাকে নিয়ে বিপদে আছি। ৭নং শিবনগর ইউপি চেয়ারম্যান তছিরউদ্দিন মন্ডল বলেন, ইউপি সদস্যদের দেয়া প্রকল্পগুলোই পরিষদের অনুমোদন করে উপজেলায় পাঠানো হয়। একই রাস্তায় দু’টি প্রকল্প এটা ভুলবশত হয়ে গেছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু বলেন, প্রকল্পগুলো ঘুরে দেখা গেছে, কাবিখা কাজের নামে সরকারি চাল লুটপাটের মহোত্সব চলছে। প্রকল্প চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের অর্থ লুটপাট করে পকেটস্থ করছে।