গাইবান্ধায় ছেলের হাতে মা খুন বাবা আহত

আপডেট : ১০ মে ২০১৩, ২০:৫৬
গাইবান্ধা শহরের মুন্সীপাড়া এলাকায় গতকাল শুক্রবার ভোরে ছেলের হাতে খুন হয়েছেন মা। পিতা গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘাতকপুত্রকে শহরের কুঠিপাড়া এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, মুন্সীপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আখতার আমিন বাবলার ছেলে আরিফ ইমতিয়াজ আকাশের (২২) সাথে পার্শ্ববর্তী মাস্টারপাড়া এলাকার নবম শ্রেণির জনৈক এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এতে বাধা দেয়ায় আকাশ তার বাবাকে খুন করার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক আকাশ শুক্রবার ভোরে পিতার শয়ন কক্ষে ঢুকে ঘুমন্ত বাবাকে ধারালো ছোরা দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। এসময় মা পারভীন বুলবুল ডলি (৪২) টের পেয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে ছেলের ছুরিকাঘাতে মা ডলি মারা যান।