বগুড়ার ধুনটে স্বামীর দ্বিতীয় বিয়ের গুজব শুনে নূরবানু খাতুন (৩৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ভোরে ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কালিতলা গ্রামের বাবলু মিয়ার সাথে রায়গঞ্জ উপজেলার চর ব্রহ্মগাছা গ্রামের নূরবানু বেগমের বেশ কয়েক বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান রয়েছে। জীবিকার তাগিদে বাবলু মিয়া দীর্ঘদিন ধরে ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করে। তার সহকর্মী নূরবানুকে জানায় যে বাবলু মিয়া ঢাকায় দ্বিতীয় বিয়ে করেছে। এ খবর শুনে নূরবানু বেগম বৃহস্পতিবার ভোরে স্বামীগৃহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনার পর পরিবারের লোকজন বাবলু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি দ্বিতীয় বিয়ের কথা অস্বীকার করেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে ।
