লালমনিরহাটে অপহূতা স্কুলছাত্রী একমাসেও উদ্ধার হয়নি

আপডেট : ১০ মে ২০১৩, ২০:৫৮
অপহরণের ১ মাস পরেও উদ্ধার হয়নি লালমনিরহাটের আদিতমারী উপজেলার ১৩ বছরের এক স্কুল পড়ুয়া ছাত্রী। পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণেই ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন মেয়েটির পিতা ও এলাকাবাসী। উপজেলার তালুক হরিদাস গ্রামের অপহূত ওই স্কুল ছাত্রী স্থানীয় হরিদাস উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়ত। জানা গেছে, পার্শ্ববর্তী চওড়াটারী গ্রামের মন্টু মিয়ার বখাটে পুত্র নবিয়ার রহমান প্রায় সময় ওই স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে মেয়েটি রাজি না হয়ে বরং নবিয়ারের পিতা-মাতাকে বিষয়টি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে গত ৪ এপ্রিল নবিয়ার তার বন্ধুদের সহায়তায় ওই ছাত্রীকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্থানীয় সাপ্টীবাড়ী নামক স্থান থেকে অপহরণ করে। ঘটনার দিন সন্ধ্যায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বখাটে নবিয়ারসহ ৩জনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। কিন্তু এক মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে মেয়ের শোকে ওই ছাত্রীর মা পাগলপ্রায়। এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা থানার এস আই আজিজ জানান, মেয়েটিকে উদ্ধার ও আসামি ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।