ময়মনসিংহের গফরগাঁওয়ে স্ত্রী ও ৩ মাসের শিশু সন্তানকে নিজ বসতঘরে জবাই করে খুন করেছে ঐ শিশু সন্তানের পিতা ও পাষণ্ড স্বামী ইব্রাহীম। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলার যশরা ইউনিয়নের আঠারদানা গ্রামে। নিহত মমতাজের (২৬) পিতার বাড়ী উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ পশ্চিমপাড়া গ্রামে। সে ঘাতক ইব্রাহীমের তৃতীয় স্ত্রী। নিহত ইব্রাহীম-মমতাজ দম্পতির ৩ মাস বয়সী একমাত্র মেয়ের নাম আফরোজা আক্তার ইকমা। এ ঘটনায় গতকাল শুক্রবার নিহতের ভাই রাসেল মিয়া বাদী হয়ে নিহত মমতাজের স্বামী ইব্রাহীম, শ্বশুর রইছ উদ্দিনসহ ৯ জনকে আসামি করে গফরগাঁও থানায় মামলা দায়ের করেছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিহত মমতাজের শ্বশুর রইছ উদ্দিন ওরফে বিশাখা নিহত মমতাজ ও তার মেয়ের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় জহিরুলের ভ্যানে ফেলে রেখে পালিয়ে যায়। এলাকাবাসী দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে। ভ্যানচালক জহিরুল (৪০) জানায়, বিশাখা তার পুত্রবধূ ও নাতী অসুস্থ এই কথা বলে বিশাখার বাড়ি থেকে পুত্রবধূ ও নাতি আফরোজা আক্তার ইকমাকে তার ভ্যানে করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল গেটে ভ্যান থামিয়ে ভ্যান থেকে তারা পালিয়ে যায়।
জানা গেছে, ইব্রাহীম তিনটি বিয়ে করেছে। তার প্রথমা স্ত্রী উপজেলার পুখুরিয়া গ্রামের সালমা বেগম ১ টি ছেলে সন্তান হওয়ার পর তাকে তালাক দেয়। দ্বিতীয় স্ত্রী উপজেলার হাটুরিয়া গ্রামের দোলেনা বেগম ১টি কন্যা সন্তান হওয়ার পর তাকেও তালাক দেয়। গত দেড় বছর পূর্বে উপজেলার চরমছলন্দ গ্রামের মফিজউদ্দিনের মেয়ে মমতাজ বেগমকে ইব্রাহীম বিয়ে করে। মমতাজ বেগমের ভাই রাসেল জানায়, ইব্রাহীমকে বহু টাকার যৌতুক দেয়া হয়েছে। মমতাজ বেগমের মা সুফিয়া খাতুন বিলাপ করতে করতে জানায়, গত শনিবার মমতাজ তার শ্বশুরবাড়িতে যায়। এর একদিন পর ইব্রাহীম ইতিপূর্বে তালাক দেয়া তার মেজো বউ দোলেনাকে বাড়িতে তোলে। এরপর থেকেই মমতাজের সংসারে অশান্তি শুরু হয়। মমতাজের পিতা মফিজউদ্দিন বলেন, তার মেয়ের জামাতা যৌতুক না পেয়ে সতীনের প্ররোচনায় তার মেয়ে ও নিষ্পাপ নাতিকে জবাই করে খুন করে পালিয়েছে।
ইব্রাহীমের ভাগিনা নিজামউদ্দিন জানায়, মামী দোলেনা ও মমতাজের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো।
গফরগাঁও থানার ওসি সাইফুল ইসলাম ফরাজী বলেন, এই ঘটনা তদন্তের জন্য ঢাকা থেকে পুলিশের ক্রাইম সিন সুরক্ষা দল আসছে। যে ঘরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সে ঘরটি তালাবন্ধ করে রাখা হয়েছে।
