চাকরিচ্যুতির প্রতিবাদে শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ

আপডেট : ১০ মে ২০১৩, ২০:৫৮
শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে এমসি বাজার এলাকার উইলটেক্স গ্রুপের আদিব ডাইং কারখানার সহকারী উত্পাদন ব্যবস্থাপক নুরে আলমের চাকরিচ্যুত করার প্রতিবাদে বৃহস্পতিবার কারখানায় ভাংচুর ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ প্রায় দেড় হাজার শ্রমিক কর্মকর্তাদের ওপর হামলা করলে কারখানার উত্পাদন ব্যবস্থাপক ফরহাদ হোসেন ও কর্মকর্তা মোশারফ হোসেনসহ অন্তত ১০ জন আহত হন। নিয়ম বহির্ভূতভাবে পুরনো শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ আনা হয় কারখানায় সদ্য যোগদানকারী জেনারেল ম্যানেজার মাহবুবুর রহমানের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে কারখানার জেনারেল ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, শ্রম আইনের সকল শর্ত মেনে সহকারী উত্পাদন ব্যবস্থাপক নূরে আলমকে অব্যাহতি দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে অতি উত্সাহী কয়েকজন শ্রমিক সকালে কারখানার সকল শ্রমিককে প্রভাবিত করে কারখানার ভেতরে তাণ্ডব চালিয়ে দামি-দামি ১২ টি মেশিন ও আসবাবপত্র ভেঙে ফেলে।