সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও অব্যাহতভাবে সাগর ও নদ-নদীতে চলছে জাটকা ইলিশ নিধন জেলেদের বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তার প্রকল্প নেয়া হলেও জেলার অর্ধেক ২২ হাজারের অধিক জেলে এই প্রকল্পের পুনর্বাসনের আওতায় আসেনি। বিকল্প কর্মসংস্থান না হওয়ায় এসকল জেলে পরিবার মানবেতর জীবন যাপন করছে। অনেক জেলে বাধ্য হয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ছোট ফাঁসের(বেহুন্তি) জাল নদীতে পেতে অন্যান্য প্রজাতির মাছের সাথে দেদারসে (জাটকা) শিকার করে বিক্রি করছে । জাটকা ইলিশ রক্ষা ও ইলিশের উত্পাদন বাড়ানোর লক্ষ্যে সরকার গত ১ নভেম্বর থেকে ৩১ মে এই সাত মাস উপকূলের নদ-নদীতে ছোট ফাঁসের জাল দিয়ে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। পাশাপাশি দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের আওতায় সরকার উপকূলীয় এই জেলেদের ফেব্রুয়ারি থেকে মে এই চার মাস বিশেষ খাদ্য সহায়তা (ভিজিএফ) দেয়ার সিদ্ধান্ত নেয়। এই সহায়তার আওতায় জনপ্রতি ৩০ কেজি করে চাল দেয়ার কথা। জেলা মত্স্য অফিস সূত্র জানায়, জেলায় জেলেদের সংখ্যা ৪৫ হাজার ৬৪২ জন। এরমধ্যে ৩৭৭ জনকে ৭ হাজার করে টাকা দিয়ে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে এবং ২২ হাজার ৮৮৫ জনকে ভিজিএফের আওতায় আনা হয়েছে। বাকি ২২ হাজার ৩৮০ জন জেলে রয়ে গেছে পুনর্বাসন সহায়তার বাইরে।
