নোয়াখালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা

আপডেট : ১০ মে ২০১৩, ২০:৫৯
তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেয়া ও জনগণের জীবনমান বৃদ্ধির লক্ষ্যে গতকাল শুক্রবার নোয়াখালী জিলা স্কুলে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম। এ উপলক্ষে জিলা স্কুল মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু ছালেহ্ মো. ফেরদৌস খানের সভাপতিত্বে এক আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রওশন আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, নোয়াখালী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুস ছালাম, নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভুঁইয়া ও নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ বক্তব্য রাখেন। মেলায় জেলা প্রশাসন, জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস, তথ্য-মত্স্য-বন ও স্বাস্থ্য বিভাগ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, এলজিইডি, নোবিপ্রবি, নোয়াখালী সরকারি কলেজ, বাংলা লায়ন, বাংলালিংক, রবি, মার্কেন্টাইল ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, নোয়াখালী কম্পিউটার ও মাইক্রোনেট কম্পিউটারসহ ৩৭টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন।