ইউল্যাব রেডিও ক্যাম্পবাজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৯:১০

 

রাজধানীর ধানমন্ডিস্থ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের প্রথম ক্যাম্পাস রেডিও স্টেশন ইউল্যাব রেডিও ক্যাম্পবাজের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডিস্থ ক্যাম্পাসে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মিডিয়া স্ট্যাডিজ ও জার্নালিজম ডিপার্টমেন্টের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো ও জনপ্রিয় সংগীতশিল্পী তপু। এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন কালারস এফএমের হেড অব অপারেশন তাসনুভা আহমেদ ও প্রোডিউসার আশা আমান। ইউল্যাবের ক্যাম্পাস রেডিও স্টেশনটির বর্তমান উপদেষ্টা কাশফিয়া আরিফ ও ওয়াফি আজিহ সাত্তারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রমের সূচনা ঘটে। আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের পরেই সংগীত পরিবেশন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তপু। এরপর কেক কেটে ইউল্যাব রেডিও ক্যাম্পবাজের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়। শিক্ষার্থীদের রেডিও সম্পর্কিত যাবতীয় কর্মকাণ্ড হাতে-কলমে শিক্ষা দিতে ২০১১ সালে যাত্রা শুরু করে ইউল্যাব রেডিও ক্যাম্পবাজ। বর্তমানে প্রতি রবিবার থেকে বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে রেডিও ক্যাম্পবাজের সম্প্রচার। নিয়মিত প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে আছে ‘আমাদের ইউল্যাব’, ‘রংধনু’, ‘মুভি ডায়েরি’, ‘আইকন’সহ বেশ কটি অনুষ্ঠান। এ ছাড়াও নিয়মিত একটি বাংলা ও ইংরেজি সংবাদ বুলেটিন প্রচার করা হয়।