কলমাকান্দায় শিক্ষকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা\ নেত্রকোনা জেলার কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শুক্রবার সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাদের সঙ্গে শিক্ষার মান উন্নয়নে দিনব্যাপী মতবিনিময় করেছেন। সংসদ সদস্যের উদ্যোগে ও আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, শিক্ষক/শিক্ষিকার সমস্যা ও পাঠদানের মান উন্নয়নে মতবিনিময় করা হয়।
চৌমুহনীতে ঠাকুর রামচন্দ্র দেবের তিরোধান দিবস
চৌমুহনী সংবাদদাতা\ চৌমুহনীতে আজ শনিবার থেকে প্রখ্যাত সিদ্ধপুরুষ শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ৬৪তম তিরোধান উত্সব সমাধি আশ্রমে আরম্ভ হবে। এ উপলক্ষে উত্সব আয়োজক কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ উত্সবে দেশ-বিদেশ থেকে ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষের আগমন ঘটে।
বাজিতপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত এক
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ বৃহস্পতিবার একটি খোলা জায়গায় খড় ছড়ানোর বিষয়কে কেন্দ্র করে বাজিতপুর উপজেলার কৈলাগ ও রাহেলা গ্রামের ২টি পরিবারের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের লাঠির আঘাতে রাহেলা গ্রামের আয়েশ আলী (৫০) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কৈলাগ ইউনিয়নের কৈলাগ ও রাহেলা গ্রামের মধ্যবর্তী একটি খলায়। খলায় খড় ছড়ানোকে কেন্দ্র করে কৈলাগ গ্রামের আলতু মিয়া (৪০) ও রাহেলা গ্রামের আয়েশ আলীর (৫০) মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
দীঘিনালায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ভিক্ষুর জন্মদিন পালন
দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা\ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ভিক্ষু শ্রীমত্ নন্দপাল মহাস্থবিরের ৬১তম জন্মদিন শুক্রবার দীঘিনালা বন বিহারে জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান ও নন্দপাল মহাস্থবিরের ধর্মদেশনা শ্রবণ।
কক্সবাজার কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
কক্সবাজার প্রতিনিধি\ কক্সবাজার সদর থানা সংলগ্ন শহরের প্রধান কালী মন্দিরে বৃহস্পতিবার রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল কালীমূর্তির শরীরের বিভিন্ন স্থানে থাকা স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে। ঘটনার ব্যাপারে থানায় মামলা হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের খুঁজে বের করার দাবি জানান।
টেকনাফে মাদকাসক্তের ৬ মাসের সাজা
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা\ টেকনাফে মাদকাসক্ত সুলতান আহমদ (৪৫) নামক এক ব্যক্তিকে ছয় মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ মাদকসেবী টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার নূর আহাম্মদ সিকদারের ছেলে। বৃহস্পতিবার টেকনাফ মডেল থানার এএসআই আবদুস শুক্কুর মাদকাসক্ত সুলতানসহ তার অভিভাবকদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে গেলে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মুজাহিদ উদ্দীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে ছয় মাসের সাজা প্রদান করে।
চরভদ্রাসনে আওয়ামী লীগের বর্ধিত সভা
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা\ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগ নতুন কার্যালয়ের সামনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফেজ মো. কাউছারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মাস্টার, সিনিয়র সহ-সভাপতি আজাদ খান, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন।
চাটমোহরে বিএনপির বিক্ষোভ
চাটমোহর (পাবনা) সংবাদদাতা\ চাটমোহর পৌর বিএনপির সভাপতি এএম জাকারিয়া, পৌর মেয়র এইচ ইসলাম হীরাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে ও ১৮ দলীয় জোট আহূত হরতালের সমর্থনে বৃহস্পতিবার চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। স্থানীয় শাহী মসজিদ থেকে একটি মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে পথসভা করে। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম।
ত্রিশালে ভিসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি প্রফেসর ড. খোন্দকার আশরাফ হোসেনের সাথে বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা ভিসির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নবাগত ভিসি প্রফেসর ড. খোন্দকার আশরাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. প্রফেসর আবুল বাশার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিনুল ইসলাম।
গোয়ালন্দে ঝড়ে আহত ৪
গোয়ালন্দ সংবাদদাতা \ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাত্র দশ মিনিটের কাল বৈশাখী ঝড়ে উপজেলার শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। একই সাথে অনেক গাছপালা ভেঙ্গে পড়েছে। ঝড়ের সময় ঘরের টিন ও গাছের আঘাতে চার জন আহত হয়েছে। আসমা (৪০) ও আলামিন (৩৫) নামের দুই শ্রমিক টিন ও গাছের আঘাতে আহত হন। এছাড়া ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুল গ্রামের ঝড়ের সময় গাছ পড়ে আহত হন এক নারী।
নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন হয়েছে। গতকাল শুক্রবার দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম তালুকদার ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষর করে এ কমিটি গঠন করেন। কমিটিতে মাহবুব হাসান বাকী সভাপতি, সেন্টু মুন্সী সাধারণ সম্পাদক ও মেহেদী হাসান রুমনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আরিচায় পদ্মা-যমুনায় পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ গত ২৪ ঘন্টায় পদ্মা-যমুনার পানি ৬৫ সেন্টি মিটার বৃদ্ধি পেয়েছে। আরিচা পয়েন্টে যমুনার পানি গতকাল শুক্রবার ৪ দশমিক ৯৫ সেন্টিমিটার স্তরে প্রবাহিত হচ্ছে। সূত্র জানায়, পাহাড়ি ঢল ও জোয়ারে পানি বৃদ্ধির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। জাফরগঞ্জ বাজার, মালুচী, তেওতা, নিহালপুর, পাটুরিয়া প্রভৃতি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
চুয়াডাঙ্গায় ডিজিটাল মেলা উদ্বোধন
চুয়াডাঙ্গা প্রতিনিধি \ বৃহস্পতিবার স্থানীয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন মেলা উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জল।
রামগঞ্জে ২ শিবির কর্মী গ্রেফতার
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রামগঞ্জে বিগত হরতালে সরকারি গাছ কেটে সড়ক অবরোধ ও গাড়ীতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার সন্দেহে উপজেলার আলীপুর গ্রামের আবুল খায়েরের ছেলে ছাত্র শিবিরের সদস্য হাফেজ আহম্মেদ মিরন (২৫) ও সাউদের খিল গ্রামের সাখায়েত হোসেনের ছেলে চলতি এইচএসসি পরীক্ষার্থী শেখ মোঃ রায়হানকে (২০) গ্রেফতার করেছে পুলিশ । বৃহস্পতিবার সন্ধ্যায় রামগঞ্জ শহরের দেওয়ান গার্মেন্টস থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
দুর্গাপুরে সিপিবির বিক্ষোভ মিছিল
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার দুর্গাপুরে বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখার এর উদ্যোগে ৫ মে হেফাজত ইসলাম সিপিবি‘র কেন্দ্রীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে পৌর সদরে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা রোডে সিপিবি কার্যালয়ের সামনে উপজেলা সিপিবি এর সভাপতি ডাঃ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি‘র সাধারণ সম্পাদক আলকাছ উদ্দিন।
মহেশপুরের গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গতকাল শুক্রবার মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত থেকে ভারতীয় বিএসএফ এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। এলাকাবাসি ও বিজিবি সূত্রে জানা গেছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্রীনাথপুর মাঠপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে জিয়াউর রহমান (৩৫) ভারত থেকে গরু নিয়ে আসার পথে শ্রীনাথপুর সীমান্তের ৬১ নং মেইন পিলারের কাছে এলে ভারতীয় ফতেপুর টহল বিএসএফ তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়।
মিঠাপুকুরে হাড়িভাঙ্গায় অর্ধশতাধিক গাছ নিধন
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ পূর্বশত্রুতার জের ধরে ফলদ গাছসহ অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির গাছ নিধন করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে মিঠাপুকুরের মাসিমপুর ইউনিয়নের উচাবালুয়া গ্রামে। আলহাজ্ব আব্দুল মোত্তালেব মিয়ার (আবু তালেব) সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের মজিবরের বিরোধ চলে আসছিল। মজিবরের বাড়ির পাশেই ৫১ শতাংশ জমিতে আলহাজ্ব মোত্তালেব মিয়া হাড়িভাঙ্গা আমগাছ, ইউক্যালিপ্টাসসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের বাগান লাগান। বৃহস্পতিবার রাতে ওই বাগানের হাড়িভাঙ্গা আমগাছ, ইউক্যালিপ্টাসসহ অর্ধশতাধিক গাছ কেটে সাবাড় করে প্রতিপক্ষ মজিবরের লোকেরা।
