ফেসবুকে পছন্দ ও মন্তব্য করা যাবে বিং থেকেই

আপডেট : ১১ মে ২০১৩, ১৮:৪৮
সার্চ ইঞ্জিন হিসেবে গুগল’র সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে অনেক চেষ্টাই করেছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং। তবে গুগল’র জনপ্রিয়তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারেনি তারা। সামাজিক যোগাযোগের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম জনপ্রিয়তার তুঙ্গে থাকলে বিং নিজেদের সার্চ ইঞ্জিনে সামাজিক যোগাযোগের কনটেন্ট সার্চ করার সুবিধা চালু করে গত বছর। ফেসবুকের সাথে তাদের যৌথ উদ্যোগে কিছুটা মনোযোগ তারা আকর্ষণ করতে সক্ষম হয় ফেসবুক ব্যবহারকারীদের। এবারে ফেসবুকের বিপুলসংখ্যক ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই আবারও মাইক্রোসফট ও ফেসবুক নিয়েছে যৌথ উদ্যোগ এবং এর ফলে এখন সার্চ ইঞ্জিন বিং থেকেই সরাসরি ফেসবুকের পোস্ট পছন্দ করা যাবে এবং বিং থেকেই ফেসবুকের পোস্টে মন্তব্যও করা যাবে। গত পরশু (শুক্রবার) থেকে এই ফিচারটি চালু করা হয়েছে বিং-এ। বিং-এর এক ব্লগপোস্টে এই ফিচারটি চালুর খবর জানিয়ে বলা হয়, ফেসবুকের তথ্য অনুসারে ১৮ থেকে ২৪ বছর বয়সী ফেসবুক ব্যবহারকারীদের গড়ে ফেসবুক বন্ধুর সংখ্যা ৪শ। কোনো একটি বিষয়ে কোন বন্ধুর মন্তব্য কী বা কার কী অভিমত তার খোঁজ রাখা একটু মুশকিল। এই কঠিন কাজটি সহজেই যাতে করা যায়, সে কারণেই ফেসবুকের সাথে জোট বেঁধেছে বিং। বিং জানিয়েছে, এখন থেকে বিং-এ ফেসবুকের নানা ধরনের কনটেন্ট বা মন্তব্য সার্চ করা যাবে এবং বিং-এর সোস্যাল সাইডবারে সেগুলো প্রদর্শন করা হবে। ফেসবুকের এসব কনটেন্টে এখন বিং থেকে বের না হয়েই সাইডবার থেকে ‘লাইক’ দিতে পারবেন এবং চাইলে ‘মন্তব্য’ও করতে পারবেন। এই ফিচারটি ব্যবহার করার জন্য বিং-এর ওয়েবসাইট (www.bing.com)-এ গিয়ে উপরের ডানপাশের অংশ থেকে বিংকে যুক্ত করে দিতে হবে ফেসবুকের সাথে। আর তারপরেই বিং থেকেই ফেসবুকে বিভিন্ন পোস্ট এবং সংশ্লিষ্ট কনটেন্ট সার্চ করে বিং থেকেই সেগুলোতে আপনার কার্যক্রম পরিচালনা করতে পারবেন।