সামান্য বৃষ্টিপাতেই করিমগঞ্জ পৌরসভার কলাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে বিদ্যালয়ের সামনের ছোট মাঠটি। ফলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পানি ডিঙ্গিয়ে ক্লাসরুমে প্রবেশ করতে হচ্ছে। অনেক সময় তাদের পরিহিত কাপড়-চোপড় এবং হাত থেকে বই-খাতা পড়ে গিয়ে ভিজে যায়। গত ৪ মে থেকে বিদ্যালয় প্রাঙ্গণে পানি জমে আছে। এমতাবস্থায় বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার কমে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আকলিমা বেগম জানান, বিদ্যালয়ে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩৭৫ এবং শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ৭ জন। চলতি বর্ষা মৌসুম শুরুর আগে থেকেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর কারণ হিসেবে তিনি জানান, আগে বিদ্যালয়ের সম্মুখের রাস্তাটি ছিল কাঁচা। ফলে পানি রাস্তা উপচে সরে যেতে পারত। কিন্তু কিছুদিন আগে রাস্তাটি উঁচু এবং পাকা করায় বৃষ্টির পানি সরতে পারছে না। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে বলে তিনি জানান। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুখলেছুর রহমান জানান, দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য করিমগঞ্জের ইউএনও ও পৌর মেয়রকে জানানো হয়েছে।
