তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, খালেদা জিয়া জঙ্গি ও বোমাবাজদের হেফাজত করছেন যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। আত্মস্বীকৃত যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। কিন্তু জামায়াত এসব যুদ্ধাপরাধীদের দল থেকে বিতাড়িত না করে উল্টো তাদের রক্ষায় সশস্ত্র পথ বেছে নিয়েছে। আর এই কার্যক্রমকে সমর্থন দিচ্ছে বিএনপি, যা দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে বসার জন্য বিরোধী দলের নেতাকে আহ্বান জানালে জনগণ আনন্দ প্রকাশ করেছিলো। কিন্তু খালেদা জিয়া সংলাপে না বসে টালবাহানা শুরু করেন।
শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ৪টি রাস্তা উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ইনু একথা বলেন। বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মাহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সহকারী পুলিশ সুপার সি এ হালিম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, ওসি রিয়াজুল ইসলাম, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল ইসলাম লালু, জেলা জাসদের সহ-সভাপতি এমদাদুল ইসলাম আতা প্রমুখ।
