ইউএনও’র বিরুদ্ধে আদালতের স্থগিতাদেশ উপেক্ষার অভিযোগ

আপডেট : ১১ মে ২০১৩, ২১:২৮
বাগেরহাটের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা: আশরাফুল ইসলামের বিরুদ্ধে উচ্চ আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে স্থানীয় শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা গ্রহণ ও নিয়োগ প্রদানের অভিযোগ পাওয়া গেছে। বুধবার এই নিয়োগ পরীক্ষা শেষে তাত্ক্ষণিকভাবে ফল ঘোষণা করে প্রধান শিক্ষক পদে ফিরোজুর রহমানকে চূড়ান্ত করা হয়। বৃহস্পতিবার তাকে নিয়োগপত্র প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঐ স্কুলের ব্যবস্থাপনা কমিটি ও ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ কমিটির সভাপতি। তিনি আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করার এই অভিযোগ অস্বীকার করেছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে ঐ স্কুলের সহকারী শিক্ষক জগন্নাথ দাস কমিটির অনুমোদন বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করলে আদালত ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের উপর এক মাসের স্থগিতাদেশ দেন। বাদীপক্ষের আইনজীবীর চেম্বারের মাধ্যমে ঐ আদেশ বিষয়ক প্রাথমিক তথ্য ৭ মে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়। কিন্তু বাদীর আইনজীবীর পাঠানো ঐ তথ্য উপেক্ষা করে বুধবার নিয়োগ সম্পন্ন করা হয়। মামলার বাদী জগন্নাথ দাস জানান, উচ্চ আদালতের কোন আদেশ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানে পৌঁছাতে কিছুটা সময় লাগে। তাই আমি ঐ আদেশ বিষয়ক তথ্য আমার আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছিলাম। শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগ কমিটির সদস্য সচিব সুধাংশু হালদার এই প্রতিবেদককে বলেন, ‘বিদ্যালয় ব্যবস্থাপনার কার্যক্রম স্থগিত করতে উচ্চ আদালতের আদেশ বিষয়ক একটি হাতচিঠি গত ৭ মে আমার হাতে পৌঁছায়। কিন্তু এটি সরাসরি আদালত বা বিধিবদ্ধ অন্য কোন মাধ্যমে না আসায় আমি তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করিনি। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহা: আশরাফুল ইসলাম আদালতের আদেশ উপেক্ষার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার কাছে কোন আদেশ বা চিঠি আসেনি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাকে বুধবার সকালে যে চিঠি দেখিয়েছেন সেটি আদালতের কোন আদেশ নয়। তাই ঐ চিঠি দেখতে আমি বাধ্য নই। আদালতের আদেশ হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।