বাসাইলের প্রথম পৌর নির্বাচন জমে উঠেছে

আপডেট : ১১ মে ২০১৩, ২১:২৯
আগামী ১৮ মে টাঙ্গাইলের নবগঠিত বাসাইল পৌরসভার নির্বাচন আনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে বাসাইলের সর্বত্র উত্সবমুখর পরিবেশ বিরাজ করছে। ৯টি ওয়ার্ড নিয়ে বাসাইল পৌরসভা গঠিত। মোট ভোটার ১৪ হাজার ৩২৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৫১ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৪৭৮ জন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন এবং কাউন্সিলর পদে ৪০ জন। মেয়র পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হচ্ছেন দুই বারের বাসাইল সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমান (তালা), বাসাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাসাইল কলেজের সাবেক ভিপি এনামুল করিম অটল (জাহাজ), বাসাইল মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান খান আপেল (আনারস), উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ওহিদুল ইসলাম মোস্তফা (কাপ পিরিচ), কৃষক শ্রমিক জনতা লীগের অঙ্গ সংগঠন যুব আন্দোলনের বাসাইল উপজেলা সভাপতি রাহাত হাসান টিপু (দোয়াত কলম) এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য ছানোয়ার হোসেন খান মাখন (টেলিভিশন)।