সদ্য সমাপ্ত মাগুরা পৌর সভার মেয়র পদে উপ-নির্বাচনে প্রার্থী সমর্থনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে তীব্র গ্রুপিং সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত দু’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। ১৪ হাজার ৭৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ইকবাল আকতার খান কাপুর। এই নির্বাচনের ফলাফলের মধ্যেই জাতীয় নির্বাচনের ফল অঙ্কুরিত হবে বলে ধারণা করা হচ্ছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলতাফ হোসেনের মৃত্যুতে পদটি শূন্য হয়। এরপর প্রার্থী নির্বাচন নিয়ে মাগুরা আওয়ামী লীগ দু’ ভাগে বিভক্ত হয়ে পড়ে। প্রয়াত মেয়রের ছেলে খুরশিদ হায়দার টুটুলকে সমর্থন করে আওয়ামী লীগের একটা বড় অংশ। এ ভাগে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাগুরা - ১ আসনের সংসদ সদস্য ডাঃ এম এস আকবর ও তার সাথে ছিলেন মাগুরা -২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার। আওয়ামী লীগ সমর্থক অপর প্রার্থী তপন কুমার রায়কে সমর্থন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান ও যুগ্ম সম্পাদক হাজী গোলাম মওলাসহ বেশ কয়েকজন। এরপরেও টুটুল পেয়েছেন ৯ হাজার ৪৭৮ । তপন রায় পেয়েছেন ৮ হাজার ৯২৭ ভোট।
অপরদিকে মাগুরা জেলায় বিএনপিতেও রয়েছে পাল্টাপাল্টি কমিটি। কেন্দ্রের অনুমোদিত কমিটির সভাপতি কবির মুরাদ সমর্থন দেন সাবেক পৌর চেয়ারম্যান মাহবুবুল হক সিদ্দিকীকে। তিনি ৫ হাজার ৯৩ ভোট পান। বিএনপি’র বিদ্রোহী গ্রুপের সাধারণ সম্পাদক কাফুর প্রার্থী হয়ে বিজয়ী হওয়ায় মাগুরার রাজনীতিতে তার অবস্থান শক্ত হয়েছে।
