বগুড়া শহরতলীর নুনগোলায় বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার বগুড়া-নামুজা সড়কের নুনগোলা বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গলহাট জঙ্গলপাড়ার বায়েজিদ মাস্টার (৩৫), তার স্ত্রী মনোয়ারা বেগম (২৬) এবং তাদের ৩ বছরের শিশুকন্যা রিসা।
শুক্রবার সকালে বায়েজিদ তার স্ত্রী ও শিশু সন্তানসহ মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি সদরের এরুলিয়ার কাহলা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বগুড়া-নামুজা সড়কের নুনগোলা বাজারের কাছে বগুড়া অভিমুখী একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে মারা যান। আহত হন শিশুটির মা মনোয়ারা। তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বিকালে তিনি মৃত্যুবরণ করেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সহিদ আলম ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
