ডোমারের দেওনাই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। এর ফলে বোড়াগাড়ি হাট, বন বিভাগ ও নদী সংলগ্ন শত শত একর জমিতে ভূমি ধসের আশংকা করা হচ্ছে। কিন্তু এর সঙ্গে জড়িত প্রভাবশালীর দাপটে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না কেউ।
জানা গেছে, গত সপ্তাহ ধরে উপজেলা পরিষদের পিছন দিক দিয়ে বয়ে যাওয়া বোড়াগাড়ি হাট সংলগ্ন দেওনাই নদী হতে জনৈক প্রভাবশালী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে তার নিচু জমি ও গর্ত ভরাট করছেন। ফলে বোড়াগাড়ি হাট, বন বিভাগসহ শত শত একর আবাদী জমি নদী ধসের মুখে পড়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারী অন্যতম একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হওয়ায় তাদের ভয়ে প্রতিবাদ করতে পারছে না এলাকাবাসী । নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, মায়া বিড়ি কোম্পানীর লোকজন অবৈধভাবে বালু উত্তোলন করছে। ফলে প্রশাসনের লোকেরাও নিরব।
এ ব্যাপারে মায়া বিড়ি কোম্পানীর ডোমার অফিসের ম্যানেজার গোলাম রাব্বানী বলেন, এখানে কোন নদী নেই। এটা আমাদের খাজনা ও খারিজকৃত জমি। আমি আর কিছু জানি না।
