ভোলার গ্যাস ভোলায় ব্যবহার করতে হবে এই দাবিতে গতকাল শনিবার ভোলা শহরের সদর রোডে মানববন্ধন করেছে। ভোলা নাগরিক কমিটির আয়োজনে ভোলার সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নিয়েছে। মানববন্ধন চলাকালীন সময়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বক্তারা দাবির পক্ষে বক্তব্য দেন। ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এম ফারুকুর রহমান বলেন, প্রায় দুই যুগ পূর্বে ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়। কিন্তু গ্যাসের ব্যবহার পূর্ণমাত্রায় আজও শুরু হয়নি। অনেক আন্দোলনের পরে ভোলা শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের গ্যাস দিয়ে ৩৪.৫ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদিত হচ্ছে। যা ভোলার চাহিদা মিটিয়ে পটুয়াখালি যাচ্ছে। সরকার আরও একটি ২২৫ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র নির্মাণের জন্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
কমিউনিস্ট পার্টির ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বিরউল্লাহ চৌধুরী বলেন, ভোলায় আবাসিক গ্যাস সংযোগ শুরু হলে ভোলার হোটেল-রেস্তোরাঁ, বেকারী, কল-কারখানা, বাসা-বাড়িতে কাঠ পোড়ানো বন্ধ হবে। দুর্যোগ মোকাবেলায় গাছের খুব দরকার। ভোলায় গ্যাসের আবাসিক সংযোগ প্রদান করা হলে পরিবেশ রক্ষা পাবে এবং কল-কারখানা বৃদ্ধি পাবে। ভোলা নাগরিক কমিটির সভাপতি মোঃ শাজাহান বলেন, ভোলায় যে সংখ্যক গ্রাহক রয়েছে সেখানে গ্যাসের আবাসিক সংযোগ প্রদান করলে সরকারের বিনিয়োগ যা হবে তা থেকে লাভ হবে বেশি। ভোলা নাগরিক কমিটির সদস্য সচিব এসএম বাহাউদ্দিন বলেন, প্রায় লক্ষাধিক লোক আমাদের দাবিকে সমর্থন দিয়ে স্বাক্ষর দিয়েছে। তারা গ্যাস না পেলে হরতাল ও অনশন পালন করবে।
