কাপাসিয়া সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ফলে জমি ক্রয়-বিক্রয়ের সময় দাতা-গ্রহীতা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। সাব-রেজিস্ট্রি অফিসে প্রতিদিন সাব কবলা, দানপত্র, বেলওয়াজ হেবাদান, অসিয়তনামা, বন্টননামা, বন্ধকি ও বায়নানামা দলিল মিলিয়ে গড়ে প্রায় ৬০টি দলিল সম্পাদন হয়ে থাকে। এছাড়া সম্পাদিত দলিলগুলোর নকল সংগ্রহের জন্য লোকজন এখানে আসে। ডিসি ট্যাক্স ২% ও রেজিস্ট্রেশন ফি ২% শতকরা ৭% হারে এবং সাব কবলা দলিলের ক্ষেত্রে অতিরিক্ত ২% আয়করসহ মোট ৯% সরকারি ট্রেজারি চালান/ রশিদের মাধ্যমে দলিল সম্পাদন করার কথা। দলিল সম্পাদনের সময় দাতাগ্রহীতার ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, হাল সন পর্যন্ত খারিজের পর্চা, খাজনার রশিদ, মালিকানার প্রমাণ হিসাবে ভায়া দলিল, এস.এ/আরএস পর্চার কপি সংযুক্ত করতে হয়। কিন্তু বাস্তবে দেখা যায়, এ অফিসের একটি সিন্ডিকেট নির্ধারিত মূল্য তালিকার অতিরিক্ত ২/৩ গুণ টাকা হাতিয়ে নিচ্ছে।
সম্প্রতি উপজেলার রায়নন্দা মৌজার ৮ বিঘা বিতর্কিত জমির উপর দুটি বায়নানামা দলিল সম্পাদন হয়েছে। একটি দলিলে ৪২টি দাগে মোট ৯ একর ৫১ শতাংশ জমির কাতে ২ একর ৩৫ শতাংশ জমি ৮ জনের নামে বায়নানামা দলিল আর এস রেকর্ডমূলে রেজিস্ট্রি করা হয়েছে।
জমির মূল্য দেখানো হয়েছে ১ কোটি টাকা, নিয়ম অনুযায়ী বায়নানামা দলিলে এক তৃতীয়াংশ টাকা পরিশোধ দেখাতে হয়, কিন্তু এ দলিলে মাত্র ৫ লাখ টাকা পরিশোধ দেখানো হয়েছে। এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সত্ত্বেও দলিল রেজিস্ট্রি করার কারণে গাজীপুর জেলা রেজিস্ট্রারের বরাবরে এলাকাবাসী গত ৭ এপ্রিল লিখিত অভিযোগ দায়ের করার ৮ দিনের মাথায় গত ১৫ এপ্রিল পুনরায় উক্ত ৪২টি দাগের মধ্যে আর এস ১০৪ দাগ থেকে ৮০ দশমিক ৭৫ শতাংশ জমি ১ কোটি ১০ লাখ টাকা মূল্য নির্ধারণ করে ৬৫ লাখ টাকা পরিশোধ দেখিয়ে একজনের নামে পুনরায় অপর একটি বায়নানামা দলিল সম্পাদন করা হয়েছে।
