বেতাগীতে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

আপডেট : ১১ মে ২০১৩, ২১:৩২
বেতাগী গার্লস স্কুল এ্যান্ড কলেজে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম ও মানোন্নয়ন। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটিকে ১৯৮৫ সালে এমপিওভুক্ত করা হয়। প্রতিষ্ঠানে ভোকেশনাল শাখায় শিক্ষকের পদ ১২টি থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৫ জন। বাকি ৭টি পদ শূন্য রয়েছে। সাধারণ শাখায় মৌলবী, পন্ডিত, বিজ্ঞান বিভাগে দুইজন, লাইব্রেরীয়ান, শরীরচর্চা পদ শূন্য থাকায় স্বল্পসংখ্যক শিক্ষক দিয়ে অতিরিক্ত ক্লাস নিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। ১৯৯৯ সালে প্রতিষ্ঠানটিকে কলেজে রূপান্তরিত করায় প্রয়োজনের তুলনায় শ্রেণিকক্ষও অপ্রতুল। কলেজ শাখার নেই একাডেমিক ভবন, অডিটোরিয়াম ও বেঞ্চসহ প্রয়োজনীয় আসবাবপত্র। এছাড়াও ক্যাম্পাসে শিক্ষকদের জন্য নেই আবাসন ব্যবস্থা। এর মধ্যে একটি বড় রুম ব্যবহার করছে অধ্যক্ষ নিজে। ছাত্রীদের জন্য নেই কোন কমনরুম। দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের সৃষ্টি আক্তার ও নবম শ্রেণির ভোকেশনাল বিভাগের সুমি জানায়, শিক্ষক সংকটের সমাধান হলে প্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধি পাবে। ভোকেশনাল বিভাগের শিক্ষক আরিফ হোসাইন ও মানবিক বিভাগের তোফাজ্জেল হোসেন বলেন, শিক্ষকের স্বল্পতা আছে। এর পরেও শিক্ষার্থীদের তা বুঝতে দেয়া হয় না।