কক্সবাজার সদর হাসপাতাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ এনজিও কর্মকর্তা অর্ধেন্দু বড়ুয়ার খোঁজ গত সোয়া ৩ মাসেও মেলেনি। কক্সবাজার সদর থানায় মামলা হলেও পুলিশ তার কোন হদিস বের করতে পারেনি।
নিখোঁজ অর্ধেন্দু বড়ুয়ার বড় বোন মিনা বড়ুয়া, বড় ভাই আশেন্দু বড়ুয়া ও ছোট ভাই অমলেন্দু বড়ুয়া জানান, গত ৩ ফেব্রুয়ারি বিকালে ছোট ভাই সুখেন্দু বড়ুয়ার হামলায় আহত অর্ধেন্দুকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে সন্ত্রাসীরা তাকে ‘পকেটমার’ বলে পিটুনি দেয় এবং অপহরণ করে নিয়ে যায়। শহরের মোহাজেরপাড়ার বাসিন্দা মৃত অনিন্দ বড়ুয়া প্রকাশ ভুলু মেম্বারের ছেলে সাবেক এনজিও কর্মকর্তা অর্ধেন্দু বড়ুয়ার নিখোঁজ হওয়ার ঘটনায় তার বড় ভাই আশেন্দু বড়ুয়া বাদী হয়ে ছোট ভাই সুখেন্দু বড়ুয়াকে প্রধান আসামি করে একটি মামলা করেছেন। আবার অভিযুক্ত সুখেন্দু বড়ুয়া বাদী হয়ে তার বড় ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদের আসামি করে লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেছেন। বর্তমানে উভয় মামলার আসামিরা জামিনে রয়েছেন বলে জানায় পুলিশ।
আশেন্দু বড়ুয়াসহ পরিবারের অন্যান্য সদস্যরা দাবি করেন, সুখেন্দু বড়ুয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে অর্ধেন্দু বড়ুয়ার হদিস বের হবে।
কক্সবাজার সদর থানা (ওসি) মোহাম্মদ জসিমউদ্দিন জানান, অর্ধেন্দু অপহূত, নাকী নিজেই আত্মগোপন করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তার হদিস বের করার চেষ্টা চলছে।
