কাঠালিয়ায় গাঁজাসেবীর জেল-জরিমানা
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ায় গাঁজা বিক্রি ও সেবনের দায়ে খলিলুর রহমান খান (২৪) নামের এক যুবককে একবছরের জেল ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার কাঠালিয়া থানার পুলিশ উপজেলার আমুয়া এলাকায় অভিযান চালিয়ে খলিলুর রহমান খান নামের এক যুবককে আটক করে। এদিন বিকেলে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মুহাম্মদ আমীরউদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জেল ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের জেল দিয়েছেন।
ময়মনসিংহে ন্যাশনাল ব্যাংকের কর্মশালা
ময়মনসিংহ প্রতিনিধি \ ময়মনসিংহে ন্যাশনাল ব্যাংক আয়োজিত ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং ও কমবেটিং ফাইন্যান্সিং অব টেরোরিজম’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার হোটেল আমিরে অনুষ্ঠিত এ কর্মশালায় ন্যাশনাল ব্যাংকের ময়মনসিংহ শাখার ম্যানেজার এ.কে.এম সালাউদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের মহা-ব্যবস্থাপক মোঃ আব্দুল হামিদ।
বাগেরহাটে জাল নোটসহ দম্পতি গ্রেপ্তার
বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাটের রামপাল থানা পুলিশ দশ হাজার টাকার জাল নোটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে উপজেলার পেড়িখালী গ্রামে ঐ দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে তোষকের নিচ থেকে পাঁচশ’ টাকার কুড়িটি জাল নোট উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা হলেন: সফদার শেখ (৪৮) এবং তার দ্বিতীয় স্ত্রী কাকলী বেগম (২৮)। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কসবায় শামীমা ফিরোজ ফাউন্ডেশনের বৃত্তি
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ গত শুক্রবার কসবা উপজেলার আকছিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শামীমা ফিরোজ ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শামীমা ফিরোজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এ.এম. ওমর খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভুইয়া বকুল। বিশেষ অতিথি ছিলেন কালসার নাঈমা আলম মহিলা কলেজের প্রভাষক জাফরউল্লাহ লিটন, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. জহিরুল আলম মিলন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজির আহম্মদ প্রমুখ।
ধামইরহাটে অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণ
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর ধামইরহাটে অর্থনৈতিক শুমারি ২০১৩-এর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অর্থনৈতিক শুমারির গণনাকারী ও সুপারভাইজারদের নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। নওগাঁ-২ (ধাম-পত্নী) আসনের এমপি আলহাজ্ব শহীদুজ্জামান সরকার।
দৌলত্গঞ্জ বাজার কমিটির আহ্বায়ক কমিটি
জীবননগর সংবাদদাতা \ চুয়াডাঙ্গার জীবননগরের মেয়াদোত্তীর্ণ দৌলত্গঞ্জ বাজার কমিটিকে বিলুপ্ত করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী মাহবুবুর রহমান বাবু। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী শামীম ফেরদৌস।
সুন্দরগঞ্জে তিন দলিল লেখক বরখাস্ত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় জাল দলিল ও বিভিন্ন অনিয়মের দায়ে সাব-রেজিস্ট্রার অফিসের ৩ দলিল লেখককে সাময়িক বরখাস্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাব-রেজিস্ট্রার খন্দকার গোলাম কবির কর্তৃক বরখাস্তকৃতরা হলেন:তোফাজ্জল হোসেন বাদশা, রঞ্জু মিয়া ও শামছুল হক।
ফুলবাড়িতে মা সমাবেশ
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং ঝড়ে পড়ার রোধকল্পে গতকাল শনিবার দিনাজপুরের ফুলবাড়িতে মা সমাবেশ হয়েছে। উপজেলার নন্দীগ্রাম উচ্চ বিদ্যালয় চত্বরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছাকাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।
সাঘাটায় ইউপি চেয়ারম্যানের মুক্তি দাবিতে বিক্ষোভ
সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঈন প্রধান লাবুর মুক্তির দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে উক্ত বিক্ষোভ মিছিল হয়। ইউনিয়ন যুবদল সভাপতি সাজু আকন্দের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চৌমাথা মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।দর্শনায় মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নিহত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ চুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়ন, দর্শনা শাখার সভাপতি আসাদুল ইসলাম রিন্টু (৪৩) শুক্রবার ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে শুক্রবার রাতে পাথর বোঝাই ট্রাক নিয়ে চুয়াডাঙ্গা ফেরার পথে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের বিত্তিপাড়া নামক স্থানে অপর একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টিয়ে যায়।
মির্জাপুরে অর্থনীতি শুমারির র্যালি
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ অর্থনীতি শুমারি উপলক্ষে গণনাকারীদের প্রশিক্ষণ এবং এলাকার জনগণকে সচেতনতার লক্ষ্যে র্যালি হয়েছে। গতকাল শনিবার মির্জাপুর উপজেলার পুরসংখ্যান অফিস এ প্রশিক্ষণ এবং র্যালির আয়োজন করে। প্রশিক্ষণ ও র্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী।
নগরকান্দায় অটো ও টেম্পো চালকদের বিক্ষোভ
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ নছিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধের দাবিতে ফরিদপুরের নগরকান্দায় অটোরিকশা ও টেম্পো মালিক সমিতি ও চালকেরা বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা টেম্পো মালিক সমিতির সভাপতি ও কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুজ্জামান অনু। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, অটোরিকশা মালিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান, টেম্পু মালিক সমিতির সহ-সভাপতি সেলিম তালুকদার।
তালায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ তালায় (শুক্রবার) তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এরমধ্যে দু’জন গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে এবং অপরজন বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছে। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছে উপজেলার ভৈরবনগর গ্রামে ইনছার আলী মোড়লের পুত্র ইঞ্জিনভ্যান চালক ইবাদুল ইসলাম (৩৬)। গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে গনেশপুর গ্রামের লুত্ফর রহমানের স্ত্রী এক সন্তানের জননী ফরিদা বেগম (৩০) এবং উপজেলার ধুলন্ডা গ্রামের অভয় চক্রবর্তীর স্ত্রী গৌরীবালা (৬৫)। সকল ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
চট্টগ্রাম অফিস \ নগরীর পতেঙ্গা থানাধীন বিমানবন্দর সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অটোরিকশার আরো তিন যাত্রী। শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিমানবন্দর সড়কের পদ্মা অয়েল কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন: অটোরিকশা চালক মো. জাকির হোসেন (৪৮), যাত্রী ফারজানা আক্তার ও হারুন।
বড়লেখায় বজ্রপাতে মুক্তিযোদ্ধার মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার জেলার বড়লেখায় বজ্রপাতে মুক্তিযোদ্ধা সুবল মালাকার (৬৫) মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি ঘটে উপজেলার দাসের বাজার ইউনিয়নের কোদালী গ্রামে শুক্রবার সকালে।
শ্রীমঙ্গল-ব্রাহ্মণবাজার সড়ক যোগাযোগ বন্ধ
মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পালকি নদীর উপর বেইলী ব্রিজটি ভেঙ্গে শুক্রবার বিকেল থেকে শ্রীমঙ্গল-ব্রাহ্মণবাজার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এলাকাবাসী জানায়, ভারি মালবাহী ১০ চাকার একটি লরি ব্রিজের উপর উঠলে ব্রিজ ভেঙ্গে পড়ে।
বানারীপাড়ায় ঈদগাহ্ কমপ্লেক্সের কমিটি
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় বহুল প্রতীক্ষিত ঈদগাহ কমপ্লেক্সের কমিটি গঠন হয়। শুক্রবার বাদ আসর উত্তরপাড় বাজার টলঘরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় বানারীপাড়া পৌরসভার মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে আহবায়ক, সলিয়াবাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমানকে যুগ্ম আহবায়ক, উত্তরপাড় বাজারের ব্যবসায়ী আনিচ মৃধাকে সদস্য সচিব ও এম এ লতিফ বহুমুখী মাদরাসার অধ্যক্ষ মোঃ মাহামুদুল হাসানকে কোষাধ্যক্ষ করে কমিটি গঠন করা হয়েছে।
গাজীপুরে ডাঃ ডলার স্মৃতি পরিষদের বৃত্তি
গাজীপুর প্রতিনিধি \ সড়ক দুর্ঘটনায় নিহত বিশিষ্ট চিকিত্সক ডাঃ খালেদ শামসুল ইসলাম ডলারের স্মৃতি রক্ষার্থে গঠিত ডাঃ খালেদ শামসুল ইসলাম ডলার ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা, স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান শুক্রবার জেলা শহরের ছায়াবিথী সমবায় ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রয়াত চিকিত্সকের পিতা অধ্যাপক আয়েশউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক এমএ বারী, আব্দুল হাদী শামীম, ডাঃ আমীর হোসেন রাহাত প্রমুখ।শতবর্ষে মাদারীপুরের ডনোভান গার্লস স্কুল
মাদারীপুর প্রতিনিধি \ জেলা সদরের ডনোভান সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে শনিবার এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিছ বেগম। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এম.পি। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নূর-উর-রহমান, পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, ডা. খালেদা খানম প্রমুখ।
গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ে চুরি
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ে অফিস রুমের তালা ভেঙ্গে কম্পিউটারসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটেছে।
মেলান্দহে আওয়ামী লীগের সম্মেলন
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহ্ মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ১০ মে রাতে মাহমুদপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্ব করেন। জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সম্মেলনে মোহাম্মদ আলী জিন্নাহকে সভাপতি এবং আতাউর রহমান আতাকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়।
সুনামগঞ্জ বন্ধুর ছাতার আঘাতে বন্ধু খুন
সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জের বন্ধুর ছাতার আঘাতে বন্ধু খুন হয়েছে। শুক্রবার মধ্যারতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামরান মিয়া (২৩) ইব্রাহিমপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে গ্রামের সামরান ও তাজউদ্দিন, খোরশেদসহ ৪/৫জন গ্রাম পার্শ্ববর্তী সুরমা নদীর পাড়ে আড্ডা দিচ্ছিল। এসময় কথা বলার এক পর্যায়ে তাজউদ্দিন সামরানকে হাতে থাকা ছাতা দিয়ে আঘাত করলে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
নরসিংদীতে মুসল্লীদের বিক্ষোভ মিছিল
নরসিংদী প্রতিনিধি \ জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামের নৈরাজ্য, সন্ত্রাস ও পবিত্র কোরআন শরিফ পুড়ানোর প্রতিবাদে শুক্রবার নরসিংদীর ওলামা মাশায়েখ ও বিভিন্ন মসজিদের মুসল্লীদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল নরসিংদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাদের প্রতি ধিক্কার জানায়।
ক্ষেতলালে আলুর বস্তায় ভারতীয় জিরা
ক্ষেতলাল (জয়পুরহাট) সংবাদদাতা \ শুক্রবার ক্ষেতলাল উপজেলা ইটাখোল বাজারে অভিনব কায়দায় ভারতীয় ৪০ প্যাকেট জিরা পাচারের সময় পুলিশ ২ জনকে আটক করেছে। আটকৃতরা হলো: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চরবাছা গ্রামের তুষ্ট মিয়ার পুত্র ট্রাকের হেলপার জাহেদুল ইসলাম (১৮) এবং চরপারজনা গ্রামের মৃত আরদশ প্রামানিকের পুত্র ড্রাইভার আব্দুল কাদের প্রামানিক (২৭)।
দিনাজপুরে বহুতল ফ্ল্যাট নির্মাণ কাজ উদ্বোধন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ শুক্রবর সকালে দিনাজপুর উপশহর হাউজিং মোড়ে আয়োজিত বহুতলবিশিষ্ট ফ্ল্যাট নির্মাণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ্যাড. আব্দুল মান্নান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, মন্ত্রীপত্নী সৈয়দা হাসিনা সুলতানা মান্নান এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সচিব ড.খন্দকার শওকত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ সহিদুল্লাহ্ খন্দকার।
