ফখরুলের আসনে ভোট ২৪ জুন

আপডেট : ০৮ মে ২০১৯, ২৩:০৩

আগামী ২৪ জুন সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শূন্য হওয়া বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন ভবনে নিজকক্ষে আসনটির তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, বগুড়া-৬ আসনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে। বাছাই ২৭ মে, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৩ জুন। প্রতীক বরাদ্দ ৪ জুন। ভোটগ্রহণ ৯টা থেকে ৫টা পর্যন্ত চলবে। সবকেন্দ্রে ইভিএম ভোট অনুষ্ঠিত হবে। শীতকালে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট হতো। গ্রীষ্মকালের জন্য ভোটগ্রহণের সময় এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানান সচিব। এই উপ-নির্বাচনে বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার করা হয়েছে।

একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত পাঁচজন সংসদ সদস্য নানা নাটকীয়তার পর শপথ নিলেও দলটির মহাসচিব ফখরুল নেননি।           সংরক্ষিত আসনে ভোট ১৬ জুন :জাতীয় সংসদের জন্য সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৪৯টির নির্বাচন সম্পন্ন হয়েছে। বাকি আছে বিএনপির জন্য নির্ধারিত একটি সংরক্ষিত আসনের। ওই আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে ১৬ জুন, মনোনয়ন দাখিলের সময় ২০ মে আগারগাঁও নির্বাচন ভবনে সংরক্ষিত রিটার্নিং অফিসারের কার্যালয়। মনোনয়নপত্র বাছাই ২১মে, প্রত্যাহার ২৮ মে। পূর্বের মতো ইসি সচিবালয়ের যুগ্ম সচিব মো. আবুল কাসেমকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।