কাজীপুরের যমুনা নদীতে আকস্মিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর ভাঙ্গনরোধে নির্মিত ১টি স্পার নদী ভাঙ্গনের কবলে পড়েছে। সিংড়াবাড়ি-৪ নং স্পারের ভাটিতে পানির প্রচণ্ড চাপে গর্তের সৃষ্টি হয়ে চাপ ধরে মাটি ধসে পড়ছে। এদিকে স্পারের উজান এবং ভাটিতে ২ কিলোমিটারের মধ্যে নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে।। স্থানীয় লোকজন ভাঙ্গন আতঙ্কে তাদের বসত বাড়ি গাছপালা কেটে অন্যত্র সরিয়ে নিচ্ছে। গত ৪/৫ দিনে যমুনায় অন্তত ৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, কাজীপুর উপজেলার বৃহত্ জনপদকে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গন থেকে রক্ষার জন্য প্রায় ১শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৭টি সলিড স্পারের মধ্যে ৫টি স্পারই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর ভাঙ্গন রোধে নির্মিত স্পার নদীগর্ভে বিলীন হওয়ায় নদী তীরবর্তী এলাকার লক্ষাধিক মানুষ ফের নদী ভাঙ্গন আতংকে দিন কাটাচ্ছে। স্পারগুলো নির্মাণের পর নদীর ভাঙ্গন কমে যায়। নির্মিত স্পার এলাকায় জেগে ওঠে চর। এমনকি জেগে ওঠা চরে কৃষক ফসলও আবাদ করে। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে যমুনার করালগ্রাসে স্পারের স্যাংক ভেঙ্গে স্পার অকেজো হয়ে পড়ে। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত স্পার বিলীন হওয়ায় কাজীপুরের অস্তিত্ব এখন পুরোপুরি হুমকির মুখে। জানা গেছে, ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত স্পারগুলো নির্মাণ করা হয়। নির্মাণের ২ বছরের মধ্যেই স্পার নদীগর্ভে বিলীন হতে থাকে। গত বছর পর্যন্ত ৫টি স্পার নদীগর্ভে বিলীন হয়। এলাকাবাসীর অভিযোগ, ত্রুটিপূর্ণ কাজ এবং পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণেই স্পারগুলো নদীগর্ভে বিলীন হয়। এদিকে একের পর এক স্পার নদীগর্ভে বিলীন হলেও ক্ষত-বিক্ষত স্পার মেরামতের কোন লক্ষণ নেই। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের একজন প্রকৌশলী জানান, বেশি ক্ষতিগ্রস্ত স্পার মেরামত করা এখন দুষ্কর। তবে প্রয়োজনীয় বরাদ্দ পেলে ২/১টি মোরামত করা এখনও সম্ভব।
