চরভদ্রাসনে পদ্মার ভাঙন রোধের উদ্যোগ নেই

আপডেট : ১২ মে ২০১৩, ২০:২০
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর ভাঙ্গন প্রতিরোধে কোন উদ্যোগ না থাকায় অত্র উপজেলায় ৪টি ইউনিয়নের হাজার হাজার পরিবার শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। পদ্মার পাড় ঘেঁষে অন্তত ৬০ কি. মি. এলাকায় রয়েছে হাজার হাজার পরিবারের বসতি। তারা চরম শঙ্কা নিয়ে দিন কাটাচ্ছে। কখন জানি ভাঙনে বিলীন হয়ে যায় তাদের বসত বাড়ী। এদিকে উপজেলা সদর থেকে পদ্মার দূরত্ব মাত্র ১ কি.মি.। একাধিকবার ফরিদপুর পাউবোর বিভিন্ন কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে পদ্মা রক্ষা বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন। কিন্তু কোন কাজ করেনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০ বত্সরে উপজেলার প্রায় ৯ হাজার ১৬০ পরিবার নদী ভাঙ্গনে বিলীন হয়েছে। এর মধ্যে সরকারিভাবে পুনর্বাসিত হয়েছে ৫১০ পরিবার। বাকী ৮ হাজার ৬৫০ পরিবার চরাঞ্চলসহ রাস্তার দুপাশ ও সরকারি খাস জায়গায় বসবাস করছে।