তাড়াইলে গৃহবধূ খুন ভাই-ভাবী গ্রেফতার

আপডেট : ১২ মে ২০১৩, ২০:২৩
তাড়াইলে এক নববিবাহিতা গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। গত শনিবার মারুফা আক্তারের (২০) গলা কাটা লাশ উপজেলার রতনপুর গ্রামে তার পিতার বাড়ি সংলগ্ন একটি ক্ষেতের আইল থেকে উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে নিহতের বড় ভাই রফিকুল ইসলাম (৩০) ও ভাবী হিমা আক্তারকে (২৫) গ্রেফতার করা হয়েছে। মারুফার পিতা আবদুর রাশিদ জানান, মাত্র কিছুদিন আগে তার মেয়ের সঙ্গে একই উপজেলার সাররং গ্রামের আতাকুল মিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কিন্তু মারুফাকে শ্বশুর বাড়িতে তুলে না নেয়ায় সে তার পিতার বাড়িতেই অবস্থান করছিল। পারিবারিক ছোট-খাট তুচ্ছ বিষয় নিয়ে মারুফার সঙ্গে তার ভাই-ভাবীর ঝগড়া লেগেই থাকতো। গত শুক্রবার দুপুরেও তাদের মধ্যে বিবাদ হয়। তাড়াইল থানার ওসি বজলুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরেই মারুফা খুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।