সংবাদ সংক্ষেপ

আপডেট : ১২ মে ২০১৩, ২০:২৫
বানারীপাড়ায় শিশু নির্যাতন রোধে ওয়ার্কশপ বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় বাংলাদেশ ফেলোশীপ ফাউন্ডেশনের (কৈননীয়া) উদ্যোগে নারী নির্যাতন, নারী-পুরুষ বৈষম্য, বাল্য বিবাহ, যৌতুক ও শিশু নির্যাতন রোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ ফেলোশীপ ফাউন্ডেশনের কার্যালয়ে ইউনিট ম্যানেজার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, বাংলাদেশ ফেলোশীপ ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার সুশীল দাস। জলঢাকায় ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী জলঢাকায় শনিবার ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য কাজী ফারুক কাদের। জলঢাকায় একটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিস স্থাপনের দাবি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের। অবশেষে এম.পি কাজী ফারুক কাদেরের প্রচেষ্টায় জলঢাকা শহরের পেট্রোল পাম্প এলাকায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিস স্থাপনের উদ্যোগ নেয়া হয়। গাইবান্ধায় বি আর টি এ’র কর্মশালা গাইবান্ধা প্রতিনিধি \ সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে পেশাজীবী মোটরযান চালকদের দক্ষতা ও সচেতন বৃদ্ধির লক্ষ্যে বি আর টি গাইবান্ধা সার্কেলের উদ্যোগে শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন। জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট-এর উপ-পরিচালক (অডিট ও তদন্ত) মোস্তাফিজার রহমান মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু বকর সিদ্দিক। চান্দিনায় শিক্ষার মান উন্নয়নে সুধীসমাবেশ চান্দিনা-বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ১১ মে শনিবার সুধীসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক আলী আশরাফ এমপি। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লার জেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক, জেলা প্রশাসক তফাজ্জল হোসেন, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। শিবগঞ্জে শিবিরের মিছিল শিবগঞ্জ ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ শনিবার বিকালে রবিবার জামায়াত শিবিরসহ ১৮ দলের ডাকা হরতালের সমর্থনে ও ১১মে পবিত্র কোরআন দিবসের ডাক উপলক্ষে জামায়াত শিবিরের হাজার কর্মী পুলিশের উপস্থিতিতে একটি মিছিল শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে এক পথসভা করে। সভায় শিবগঞ্জ উপজেলার জামায়াত শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বি.বাড়িয়ায় ক্ষতিগ্রস্তদের সোনালী ব্যাংকের অনুদান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে সোনালী ব্যাংক লিমিটেড-এর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোয় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে শনিবার ৪৯৮ পরিবারের মাঝে ২৫ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও প্রদীপ কুমার দত্ত। মদনে দলিল লেখক সমিতির নির্বাচন মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ জেলার মদন উপজেলার দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিকী নির্বাচনে সভাপতি শাহজাহান কিবরিয়া ও সাধারণ সম্পাদক উবায়দুর রহমান তালুকদার নির্বাচিত হয়েছেন। শনিবার মদন উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ৪৬ জন ভোটারের মধ্যে ৪১ জন ভোট প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার শাহেদ আলী মেম্বার ভোট গণনার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। শ্রীপুরে ভ্যাট ফাঁকি না দেয়ার শপথ শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা \ আর ফাঁকি নয়, নির্ধারিত হারে ভ্যাট দিয়ে এবার সরকারকে সহযোগিতা করার শপথ নিলেন শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার ২ শতাধিক বিশিষ্ট ব্যবসায়ী। শনিবার মাওনা চৌরাস্তার কিতাব আলী প্লাজার মাইওয়ান শোরুমে অনুষ্ঠিত ‘ভ্যাট প্রদানের গুরুত্ব এবং ব্যবসায়ীদের অংশ গ্রহণ’ শীর্ষক এক উদু্বদ্ধকরণ সভায় শিল্পাঞ্চল মাওনার ২ শতাধিক বড় ব্যবসায়ী এ শপথ নেন। কাশিয়ানীতে মন্ত্রীর মতবিনিময় সভা কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা \ শনিবার গোপালগঞ্জের কাশিয়ানীতে বিমান ও পর্যাটন মন্ত্রীর মত বিনিময় সভা হয়েছে। কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আইনুল হক শরীফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যাটন মন্ত্রী লেঃ কর্নেল অবঃ মুহাম্মাদ ফারুক খান এমপি। গঙ্গাচড়ায় ক্ষতিগ্রস্তদের টাকা ও চাল প্রদান গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা \ গত ২৭ এপ্রিল রংপুরের গঙ্গাচড়ার বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে শনিবার নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়। গত ২৭ এপ্রিল উপজেলার নোহালী, আলমবিদিতর ও অন্যান্য এলাকার উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। তবে নোহালী ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের সংখ্যাই বেশি। শনিবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২৭১ পরিবারের মাঝে ২ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাটমোহরে প্রাথমিক শিক্ষকদের মতবিনিময় চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতবিনিময় সভা ১০ মে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অমৃতকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল জাব্বার। সভায় চাটমোহর উপজেলার সরকারি এবং সদ্য ঘোষিত সরকারি বিদ্যালয়ের প্রায় সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। ডিমলায় কনভেনশন ও পুরস্কার বিতরণ ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় শনিবার উপজেলা পরিষদ মাঠে বালিকা ও যুবনারী কনভেনশন ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী। নারী নির্যাতন ও বাল্যবিবাহ নির্যাতন সংক্রান্ত রিপোর্টিংয়ের জন্য সেরা সম্মাননা পুরস্কার দেয়া হয় যুগান্তরের ডিমলা প্রতিনিধি জাহেদুল ইসলাম জাহিদ, ইত্তেফাক প্রতিনিধি সহিদুল ইসলাম, আঞ্চলিক পত্রিকার জন্য ওয়ারেস আলী সরকার ও সরদার ফজলুল হককে। মুরাদনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা মুরাদনগর উপজেলার কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজে সাইকি জামান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গেস্ট এসোসিয়েট প্রফেসর ও রকসি পেইন্টস লিঃ- এর নির্বাহী পরিচালক আলহাজ্ব সামসুজ্জামান। লোহাগড়া উপজেলা ও পৌর যুবদলের কাউন্সিল লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ লোহাগড়ার জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার লোহাগড়া কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে উপজেলা শাখার ৩০৪ জন এবং পৌর শাখার ৯৮ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা যুবদলের সভাপতি পদে খান মাহমুদ আলম, সাধারণ সম্পাদক পদে আহাদুজ্জামান নির্বাচিত হয়েছেন। এনায়েতপুরে ৪টি জলাশয়ের খনন উদ্বোধন চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের এনায়েতপুরে জলাশয় খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প এলাকায় এবং অন্যান্য জলাশয় এলাকায় মত্স্য ও প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খুকনী ও জালালপুর ইউনিয়নের গোপিনাথপুর, দ্বাদশপট্টি এবং রূপসী গ্রামের ৪টি বরোপিট জলাশয়ে ২৩ লাখ টাকা ব্যয়ে খনন কাজের উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা মত্স্য অফিসার রবিউল আলম পারভেজ। রূপগঞ্জে ৫ দোকানে হামলা ভাংচুর রূপগঞ্জ (না’ গঞ্জ) সংবাদদাতা \ রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদি বাজারের ৫টি দোকানে শনিবার সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। দোকান মালিক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান বাদল জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালিয়ে এ লুটপাট করে। রানীশংকৈলে বজ্রপাতে দু’ব্যক্তি আহত রানীশংকৈল (ঠাকুরগাঁ) সংবাদদাতা \ রবিবার হঠাত্ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের পাটাগড়া গ্রামে ২ ব্যক্তি আহত হয় এবং ২টি গরু মারা যায়। ওই গ্রামের কলিম উদ্দিনের বাড়িতে বজ্রপাত হলে তার মেয়ে জুলেখা বেগম (৩৫) ও ছেলে ইয়াসিন আলি (২২) গুরুতর আহত হয়। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোলায় গ্যাসের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি ভোলা (উত্তর) প্রতিনিধি\ ভোলার ঘরে ঘরে গ্যাস চাই ও ভোলার গ্যাস ভোলায় ব্যবহার করতে হবে এই দাবিতে গতকাল রবিবার ভোলা জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে ভোলা নাগরিক কমিটি। কালকিনিতে বিশ্ব মা দিবস পালন কালকিনি (মাদারীপুর সংবাদদাতা)\ বিশ্ব মা দিবস উপলক্ষে জেজেডি ফ্রেন্ডস ফোরাম কালকিনির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়। রবিবার স্থানীয় প্রেসক্লাব চত্বরে ফ্রেন্ডস ফোরাম সদস্য ও মায়েদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা প্রভাষক সন্ধ্যারানী বলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কবি ও কথাসাহিত্যিক আকন মোশাররফ হোসেন। সিরাজগঞ্জে যুবকের লাশ উদ্ধার সিরাজগঞ্জ প্রতিনিধি\ সিরাজগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবু ইসলামের (২৮) বাড়ি টাঙ্গাইল জেলার পাতরাইল ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামে। সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশ রবিবার বাজার স্টেশন প্লাটফরমের উপর থেকে তার লাশ উদ্ধার করে। সিরাজগঞ্জ জি.আরপি থানার এ.এস.আই নফিল উদ্দিন জানান, বাবু ইসলাম সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।