চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ডাকাতিয়া ঘোনাগ্রাম থেকে অপহূত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় একই গ্রামের অপহরণকারী দুই ভাই ফাহিম ও তৌহিনের বাড়ি থেকে তাকে উদ্ধার করে পুলিশ তদন্ত ব্যুরো (পিবিআই)। ভিকটিমের কাছ থেকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পর গতকাল বুধবার মেডিক্যাল পরীক্ষার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ তাকে আদালতে হাজির করা হবে। পিবিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী সে। গত বৃহস্পতিবার বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে ফাহিম ও তৌহিন নামে দুই ভাই ওই ছাত্রীকে অপহরণ করে তাদের বাড়িতে আটকে রাখে। এ ঘটনায় গত রবিবার ওই ছাত্রীর মা বাঁশখালী থানায় মামলা করেন। আদালতের নির্দেশে মামলার তদন্তভার চট্টগ্রাম জেলা পিবিআইকে দেওয়া হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভিকটিমের অবস্থান শনাক্ত করে ডাকাতিয়া ঘোনাগ্রামে ফাহিমদের বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
