সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

আপডেট : ০৯ মে ২০১৯, ০০:৩২

সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। গত সোমবার দুপুরে স্কুল গেটের সামনে থেকে ৩-৪ জন যুবক অটোরিকশাযোগে  মেয়েটিকে অপহরণ করেছে বলে অভিযোগে জানা গেছে। এ ঘটনায় অপহূতের বাবা বাদী হয়ে সোনারগাঁও থানায় ৫ জনকে আসামি করে বুধবার সন্ধ্যায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার উত্তর কাজিপাড়া গ্রামের বাসিন্দা মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ওই ছাত্রীকে পার্শ্ববর্তী নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর পূর্বপাড়া গ্রামের খোকন শীলের ছেলে জিকু শীল দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়ে জিকু শীলের পরিবারকে একাধিকবার জানানো হলেও জিকু এ কাজ  থেকে বিরত হয়নি। সোমবার দুপুরে স্কুলে পরীক্ষা শেষে মেয়েটি বাড়ি ফেরার পথে জিকু শীলের নেতৃত্বে খোকন, বিপ্লব, স্বদেশ ও মুকুল অটোরিকশাযোগে তাকে অপহরণ করে নিয়ে যায়। দুদিন খোঁজাখুঁজির পরও  মেয়েকে না পেয়ে গতকাল সন্ধ্যায় তার বাবা থানায় অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন বলেন, স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ গ্রহণ করা হয়েছে। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।