আলোকচিত্র ও লেখা
++ মুস্তাফিজ মামুন ++বাংলাদেশের যে ক’টি জায়গায় লিচুর ভালো ফলন হয় তার মধ্যে সোনারগাঁও অন্যতম। এ জায়গাটির লিচু বলতে গেলে সবার আগেই বাজারে আসে। সোনারগাঁওয়ের বাগানগুলো ইতোমধ্যেই পাকা লিচুর ভারে লাল সবুজে রূপ নিয়েছে। ঢাকার খুব কাছে হওয়ায় সহজেই ঘুরে আসতে পারেন এসব লিচু বাগান থেকে। এ ছাড়া সঙ্গে বাড়তি পাওনা হবে ঐতিহাসিক পানাম নগর দর্শন। লিচুকে সবচেয়ে স্বল্প মেয়াদি ফল বলা হয়। তাই দেরি না করে আজই বেরিয়ে পড়ুন।
মোগরাপাড়া বাস স্টেশন থেকে সোনারগাঁওয়ের পথে কিছুটা পথ এগোলেই সড়কের দুইপাশের চিত্র কিছুটা থমকে দেবে আপনাকে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে রক্তিম লাল থোকা থোকা লিচু শোভা পাচ্ছে ডালে ডালে। সোনারগাঁওয়ের প্রায় সব লিচু বাগানেরই চিত্র অনেকটাই এ রকম। এখানকার গাছগুলো দেখলেই আঁচ করা যায় বাগানগুলো বেশ পুরোনো। তবে গাছগুলোর উচ্চতা এতই কম যে হাত দিয়েও লিচু পেড়ে খাওয়া যায়। এ জায়গা থেকে শুরু করে পানাম নগরের আশপাশে বেশ কিছু লিচু বাগান আছে। বাগান মালিকেরা পর্যটকদের সানন্দে বাগান ঘুরে দেখতে দেন। তাই অনুমতি নিয়ে পছন্দসই কোনো একটি বাগানে ঢুকে পড়তে পারেন। ইচ্ছে করলে বাগান থেকেই লিচু কিনে খেতে পারবেন। একেবারে নিজ হাতে গাছ থেকে পেড়ে।
সোনারগাঁও উপজেলার যেসব জায়গায় লিচু বাগান আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো—পানাম, গোয়ালদী, বৈদ্যের বাজার, ভট্টপুর, গাবতলী, হারিয়া, অর্জুন্দী, গোবিন্দপুর, কৃষ্ণপুরা, বাগমুছা, হাতকোপা, দত্তপাড়া, খাসনগর, দিঘিরপাড়, চিলারবাগ, দৈলরবাগ, দরপত, টিপরদী, হরিষপুর, তাজপুর, সাদীপুর, ইছাপাড়া, দুলালপুর, বারদী, সেনপাড়া, বালুয়া ইত্যাদি। পাতি, কদমী আর বোম্বাই—এই তিন প্রজাতির লিচুর ফলনই সোনারগাঁওয়ের বাগানগুলোতে বেশি হয়ে থাকে। তবে এর মধ্যে পাতি লিচুর চাষই হয় সবচেয়ে বেশি। তা ছাড়া এ প্রজাতির লিচু সবচেয়ে আগে বাজারে আসে। এরপরে যথাক্রমে পাক ধরে কদমি ও বোম্বাই লিচু। এ দুই প্রজাতির লিচু আকারে বেশ বড় হয়। পাতি লিচু আকারে ছোট হলেও স্বাদে ভালো। এ বছর সোনারগাঁওয়ে পাতি লিচু শ’ প্রতি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকায়। এ ছাড়া কদমী ও বোম্বাই লিচু ৫০০-৮০০ টাকায়।
লিচু বাগান ঘুরে বেড়াতে পারেন লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আর ঐতিহাসিক পানাম নগরে। এ ফাউন্ডেশনের অন্যতম আকর্ষণ বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর। এগারোটি গ্যালারিতে এ জাদুঘরে প্রায় চার হাজার তিনশটি নিদর্শন সংরক্ষিত আছে। ১নং গ্যালারিতে আছে কাঠ খোদাই ও কারুশিল্প, ২নং গ্যালারিতে বাংলার গ্রামীণ জীবনযাত্রার চিত্র। ৩নং গ্যালারিটি সাজানো হয়েছে পটচিত্র ও মুখোশ দিয়ে। ৪নং গ্যালারি দেশের বিভিন্ন এলাকার নৌকা, ৫নং গ্যালারিতে রয়েছে বাংলাদেশের আদিবাসী, ৬নং গ্যালারিতে আছে লোকজ বাদ্যযন্ত্র ও বাংলার পোড়ামাটির শিল্প। ৭ ও ৮নং গ্যালারিতে আছে যথাক্রমে লোহার তৈরি নিদর্শন ও তামা, কাঁসা, পিতলের তৈজসপত্র। ৯, ১০ ও ১১নং গ্যালারিতে আছে লোকজ অলঙ্কার, বাঁশ, বেত ও শীতল পাটি। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ফাউন্ডেশনের সময়সূচি হলো শুক্রবার থেকে মঙ্গলবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
বুধ ও বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ। এ ছাড়া লোককারুশিল্প ফাউন্ডেশনের ভেতরে আছে তিনটি বনভোজন কেন্দ্র। ফাউন্ডেশনের ভেতরের হ্রদে নৌ ভ্রমণেরও ব্যবস্থা আছে দর্শনার্থীদের জন্য।
লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্ব্বরে সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। দশ ফুট উঁচু একটি বেদির উপরে ব্রোঞ্জের তৈরি ঐতিহাসিক ৭ মার্চের ভাষণরত বঙ্গবন্ধুর এ ভাষ্কর্যটির উচ্চতা প্রায় বারো ফুট। ভাষ্কর্যটির নির্মাতা শ্যামল চৌধুরী।
কারুশিল্প ফাউন্ডেশন থেকে সামান্য দূরে প্রাচীন শহর পানাম নগর। বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র ছিল এটি। প্রাচীন সুবর্ণগ্রাম থেকেই সোনারগাঁও নামের উদ্ভব। ত্রয়োদশ শতাব্দীর স্থানীয় হিন্দু রাজা দনুজমাধব দশরথদেব বিক্রমপুর থেকে সুবর্ণগ্রামে তার রাজধানী স্থানান্তর করেন এ শতাব্দীর মাঝামাঝি সময়ে। বঙ্গ অঞ্চলে মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ১৬১০ সালে ঢাকা নগরের অভ্যুদয়ের আগ পর্যন্ত সোনারগাঁও ছিল দক্ষিণ-পূর্ব বঙ্গের প্রশাসনিক কেন্দ্র।
ঢাকায় মেগাল রাজধানী স্থাপনের পর থেকে সোনারগাঁওয়ের পতন শুরু হয়। সোনারগাঁও এলাকার প্রাচীন স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো খাসনগর দিঘি, দুলালপুরের নীলকুঠি, গোয়ালদি শাহী মসজিদ, আমিনপুর মঠ, দামোদরদি মঠ, পানাম নগরের আবাসিক ভবন, বড় সরদার বাড়ি প্রভৃতি। পানাম এলাকায় এখনও টিকে আছে মোগল আমলে নির্মিত ইটের তৈরি তিনটি সেতু ‘পানাম সেতু’, ‘দুলালপুর পুল’ এবং ‘পানাম নগর সেতু’। দুলালপুর সেতুর আগে এ পাকা সড়কের পূর্ব পাশেই পানাম নগরের অবস্থান। প্রায় পাঁচ মিটার প্রশস্ত এবং ৬০০ মিটার দীর্ঘ একটি সড়কের দুইপাশে সুরম্য কিছু স্থাপনা নিয়ে পানাম নগর গড়ে ওঠে। সড়কের উত্তর পাশে ২১টি এবং দক্ষিণ পাশে ৩১টি মোট ৫২টি বাড়ি এই নগরের অন্যতম আকর্ষণ। সংস্কারের অভাবে আর অদক্ষ সংস্কারের কারণে বাড়িগুলোর দশা এখন বেহাল। পানামের সামান্য পশ্চিমে গোয়ালদি গ্রামে আছে গোয়ালদি শাহী মসজিদ।
কীভাবে যাবেন
ঢাকার গুলিস্তান বোরাক পরিবহন, সোনারগাঁও পরিবহন ইত্যাদি বাসে এসে নামতে হবে মোগড়াপাড়া বাস স্টেশনে। ভাড়া ৩৫-৪০ টাকা।
এ ছাড়া একই জায়গা থেকে দাউদকান্দি কিংবা মেঘনাগামী যেকোনো বাসেও মোগরাপাড়া আসা যায়। মোগরপাড়া থেকে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের রিকশা ভাড়া ২০-২৫ টাকা।
