দোকান বসানোকে কেন্দ্র করে নগরীর শেখ রাসেল পার্কে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত শিশু আলিফের (১০) অবস্থা আশঙ্কাজনক। সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় আলিফের অপারেশনের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। গত মঙ্গলবার তারাবির নামাজের পর দেওভোগের ওই পার্কে ঐ সংঘর্ষ ঘটে। আলিফ দেওভোগ এলাকার জুয়েলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার ইফতারের পূর্বে রাসেল পার্কে দোকান বসানো নিয়ে পাক্কারোড এলাকার নাসির মিয়ার সঙ্গে আওলাদ হোসেন গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে আলিফসহ দুই পক্ষের ১৫/২০ জন আহত হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে আসলেও কোনো সমাধান হয় নাই। গতকাল বুধবার জোহরের সময় এ সংঘর্ষের ঘটনার বিচারের কথা থাকলেও বসা হয়নি।
