খুলনা অঞ্চলের নয়টি রাষ্টায়ত্ব পাটকলে শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে ৫৮ কোটি ৭০ লাখ টাকা। আর এই বকেয়া মজুরিসহ নয় দফা দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। অপরদিকে বিজেএমসি বলছে, অর্থবরাদ্ধ না থাকায় শ্রমিকদের মজুরি পরিশোধ করা যাচ্ছে না।
নয় দফা দাবিতে নয় রাষ্ট্রায়ত্ব পাটকলে উত্পাদন বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। একই সঙ্গে প্রতিদিন চার ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করে রাস্তায় ইফতার করছে তারা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে শ্রমিকরা।
এদিকে, আগামী ১৩ মে থেকে সারাদেশের রাষ্ট্রায়ত্ব পাটকলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঢাকার বিজেএমসির সিবিএ কার্যালয়ে পাটকল শ্রমিক লীগ ও সিবিএ ও নন সিবিএ’র বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে প্রতিদিন বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
বাংলাদেশ পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের যুগ্ম আহাবায়ক মো. খলিলুর রহমান বলেন, শ্রমিকদের কর্মবিরতির পাশাপাশি সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছি।
খুলনার নয় পাটকলে বেতন বকেয়া রয়েছে ৫৮ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে আলীম জুট মিলে বকেয়া ১১ সপ্তাহের ৩ কোটি ৮১ লাখ ৫৪ হাজার টাকা। কার্পেটিং জুট মিলের বকেয়া ৮ সপ্তাহের টাকা ১ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা। ক্রিসেন্ট জুট মিলে বকেয়া ১১ সপ্তাহের ১৩ কোটি ৪৭ লাখ ৪৫ হাজার টাকা, দৌলতপুর জুট মিলে বকেয়া ৮ সপ্তাহের ১ কোটি ১২ লাখ ৮৫ হাজার টাকা, ইস্টার্ন জুট মিলে বকেয়া ১১ সপ্তাহের ৪ কোটি ৮১ লাখ ১১ হাজার টাকা, জেজেআই জুট মিলে বকেয়া ১১ সপ্তাহের ৭ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকা, খালিশপুর জুট মিলে বকেয়া ৮ সপ্তাহের ৫ কোটি টাকা, প্লাটিনাম জুবিলী জুট মিলে বকেয়া রয়েছে ১১ সপ্তাহের মজুরি ১২ কোটি ২৩ লাখ ১ হাজার টাকা, স্টার জুট মিলে বকেয়া রয়েছে মজুরি ১১ সপ্তাহের ৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার টাকা।
