দেশের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি ভবনে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এ ভবনগুলোতে সাধারণ কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। একই সাথে সেখানে বিরাজ করছে ভবন ধসের আতংক। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের রিপোর্ট।
জয়পুরহাট
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের তিন কক্ষ বিশিষ্ট একাডেমিক ভবনের বিভিন্ন দেয়ালে ফাটল দেখা দেয়ায় এবং নীচের দিকে ভবনের ভিত সামান্য দেবে যাওয়ায় ওই ভবনে শ্রেণি পাঠদান বন্ধ রয়েছে। খোলা আকাশের নিচেই চলছে এখন পাঠদান। ফলে বৈরী আবহাওয়ার দিনগুলোতে একদিকে পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে ভোগান্তির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতির হারও কমছে । ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান বলেন, প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে বিশেষজ্ঞ প্রকৌশলীর মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই ভবনে শ্রেণি পাঠদান বন্ধ রাখতে নির্দেশ দিয়ে চিঠি দেয়া হয়েছে।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সলঙ্গা থানার বনবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে ফাটলের খবর পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা খাতুন জানান, ১৯৬৫ সালে বিদ্যালয়টির এ ভবন নির্মাণ হলেও আজ পর্যন্ত সংস্কার হয়নি। গত বছর থেকে বিদ্যালয়টির ছাদের ও দেয়ালের আস্তর খসে খসে পড়লেও ঝুঁকিপূর্ণ ভবনেই এতদিন পাঠদান করেছি। বর্তমানে ভবনটির পিলার, ভীম ও ছাদে ফাটল ধরে রড বের হয়ে পড়ায় মারাত্মক ঝুঁকির কারণে শিক্ষার্থীদের নিয়ে খোলা আকাশের নীচে পাঠদান করতে হচ্ছে।
মেহেরপুর
ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নত করার লক্ষ্যে মেহেরপুরের গাংনী পৌরসভা ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি ইতিমধ্যে পৌর এলাকার সরকারি অফিসসহ ৬টি বাসাবাড়ি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। কমিটির সদস্য সহকারী প্রকৌশলী আলী আহমেদ জানান, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে রয়েছে মহিলা কলেজপাড়ার ছাদের আলীর ৪র্থ তলা বাসভবন, গাংনী বাজারে অবস্থিত বড় মসজিদ, উত্তর পাড়ার সাবেক এমপি মকবুল হোসেনের ভাড়াকৃত বাসভবন, হাফিজিয়া মাদ্রাসার ভবন, উপজেলা পরিষদ চত্বরের সরকারি অফিসসহ বাসভবনগুলো। এদিকে গাংনী হাসপাতালের কয়েকটি ভবন ঝুঁকিপূর্ণ বলে সূত্র জানিয়েছে। কমিটির অপর দুই সদস্য জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান ও হুমায়ন কবির । পৌর মেয়র আহমেদ আলী বলেন, আরো ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নত করার কার্যক্রম চলছে।
মৌলভীবাজার
জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে ফাটল দেখা দেয়ায় ও ছাদ বেয়ে পানি পড়ায় শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে খোলা আকাশের নিচে ক্লাস করছে। স্কুলভবন নির্মাণের ১৮ বছরের মাথায় ঝুঁকিপূর্ণ উল্লেখ করে উপজেলা প্রকৌশলী ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রুবাইয়াত জানান, ভবনের ভীমে ফাটল দেখা দেয়ায় যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য অন্য একটি ভবনের ব্যবস্থা হচ্ছে।
মাদারীপুর
জেলা সদরের প্রধান ডাকঘরের ছাদ যেকোনো সময় ধসে গিয়ে ঘটে যেতে পারে মারাত্মক বিপর্যয়। কর্মকর্তা-কর্মচারিরা অত্যন্ত ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে কাজ করে আসছে। বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ ছাদ যেকোনো সময় ধসে যেতে পারে। ষাটের দশকে এই ভবনটি নির্মিত হয়। বছর দুই আগে ভবনটি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেয়া হলে দ্বিতীয়তলার কক্ষগুলো ভেঙ্গে ফেলা হয়। তখন থেকেই ছাদটি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। স্থানীয় প্রকৌশলীরা জরুরি ভিত্তিতে ডাকঘরটিতে কর্মকাণ্ড পরিচালনা থেকে বিরত থাকার সিদ্ধান্ত দিয়েছেন।
শরীয়তপুর
ভেদরগঞ্জ উপজেলা মডেল প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১৪টি বিদ্যালয় ভবনের ছাদে ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এ সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা আতংকে ক্লাসে যাচ্ছে না। উপজেলার সদরের গৈড্যা বোর্ড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুন নুর, শহীদ আক্কাস, সপ্তপুর, ইকরকান্দি, চরসেন্সাস, চরকুমারিয়া, সখিপুর, চরকুমারিয়া, ছয়গাঁও, নাজিমপুর, আব্বাস আলী, প্রগতি বিদ্যা নিকেতন রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ও উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরির চর রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর বলেন, ফাটল দেখা দেয়ায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে শ্রেণী পাঠ না করানোর জন্য শিক্ষা অফিসারের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে।
বিশ্বনাথ (সিলেট)
সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের কোয়ার্টার ভবনগুলোতে দেখা দিয়েছে বড় আকারের ফাটল। জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তানদের নিয়ে সপরিবারে বসবাস করছেন কর্মকর্তা-কর্মচারীরা। যে কোন সময় ভবন ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা করা হচ্ছে। ফাটল ধরা ৬টি কোয়ার্টার ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চরম আতংকের মধ্যে সপরিবারে বসবাস করে আসছেন দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীর লোকদের ৮টি পরিবার। তারা হচ্ছেন সিনিয়র স্টাফ নার্স সুজাতা রানী, এক্সরে টেকনোলজিস্ট ফরহাদ, ডেন্টাল টেকনোলজিস্ট সেলিম মোল¬্যা, এমু্ব্যলেন্স চালক বদরুল ইসলাম, নাইটগার্ড আব্দুর রাজ্জাক, ওয়ার্ড ভয় আকবর আলী, ঝাড়ুদার মহারাজ, ছায়া বেগম ও বাবুর্চী দুদ বিবি।
সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারী জেলার সৈয়দপুরে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করছে সৈয়দপুর পৌরসভা। এ কাজ করছে পৌরসভার প্রকৌশল শাখা ও ওয়ার্ড কাউন্সিলররা। পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার জরাজীর্ণ ভবন চিহ্নিত করে তালিকা প্রণয়নের নির্দেশনা জারি করেন। এই তালিকা প্রণয়নে পৌরসভার একজন প্রকৌশলীর নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এ তালিকা জেলা প্রশাসনসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দেয়া হবে বলে মেয়র জানান।
বানারীপাড়া (বরিশাল)
বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের (পাইলট) ভবনের দোতলার ঝুঁকিপূর্ণ তিনটি কক্ষ পরিত্যক্ত ঘোষণা করে পৌর কর্তৃপক্ষ সিলগালা করে দেয়ার পর সামনের মাঠে খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক খাদেম আলী খান জানান, পৌর কর্তৃপক্ষ তিনটি কক্ষ পরিত্যক্ত ঘোষণা করে সিলগালা করে দিলেও মূলত পুরো ভবনটিই ঝুঁকিপূর্ণ। দোতলার কয়েকটি রুমে বিকল্প পিলার দিয়ে ছাদ রক্ষার চেষ্টা করা হলেও সমপ্রতি ছাদ, ভিম ও দেয়ালে অসংখ্য ফাটল দেখা দেয়ায় ও পলেস্তারা খসে পড়ায় মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাস করতে থাকে শিক্ষার্থীরা।
দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলার বিআরডিবি অফিস গতকাল রবিবার সকাল ১০টায় ভবন ধসের ঘটনা ঘটে। অল্পের জন্য রক্ষা পেল অফিসে থাকা হিসাব সহকারী। গতকাল ওই অফিসের পদাবিক শাখার হিসাব সহকারী মো. শরিফুল ইসলাম প্রতি দিনের ন্যায় অফিস কক্ষে দাপ্তরিক কাজ করার সময় উপর থেকে পিছন দিকে ছাদ ধসে পরে। শরিফুল ইসলাম জানান, বিকট শব্দ শোনা মাত্রই বাহিরে লাফিয়ে পড়ে প্রাণ রক্ষা পায়। এদিকে উপজেলার আরও ৬টি ভবন ধসের আশংকার কথা জানা গেছে। এসব ভবনের ছাদ ও দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে রয়েছে এস.এ মাধ্যমিক বিদ্যালয়, চাঁদপুরা এবিসি মাধ্যমিক বিদ্যালয়, আরেফাতুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল পাঠদান কক্ষ, গুলি আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, দশমিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য দশমিনা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের ভবন।
হাজীগঞ্জ (চাঁদপুর)
হাজীগঞ্জ উপজেলায় অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব বিদ্যালয় ভবন যে কোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছেন অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। হাজীগঞ্জ উপজেলায় শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৫৬টি ও মাধ্যমিক স্তরের ৩৩টিসহ সর্বমোট ১৯০টি বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এরই মধ্যে উপজেলা প্রাথমকি শিক্ষা অফিস কয়েকটি স্কুলভবনকে পরিত্যক্ত ঘোষণা করলেও পাঠদানের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে শিক্ষকরা এসব ভবনেই ক্লাস নিচ্ছেন। এ অবস্থায় শিক্ষার্থী ও শিক্ষকরা সবসময় পাঠদানে আতঙ্কে থাকেন। উপজেলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভবনে যেসব স্কুলে ক্লাস নেয়া হচ্ছে সেগুলোর মধ্যে ১০নং গন্ধর্ব্যপুর দেশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুহিলপুর মাদ্রাসা, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় অর্ধশতাধিক বিদ্যালয় ভবনে বর্তমানে ঝুঁকিপূর্ণ পাঠদান চলছে।
পার্বতীপুর (দিনাজপুর)
পার্বতীপুর শহরে অবস্থিত রিয়াজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হামিদপুর ইউনিয়নের বড়পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দু’টির ভবনে ফাটল দেখা দেয়ায় শিক্ষক-ছাত্র-অভিভাবকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বড়পুকুরিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্রুত প্রতিষ্ঠানটি অন্যত্র সরিয়ে নেয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন করেছেন। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার রায়হানুল ইসলাম রিয়াজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে ক্লাস নেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বলে প্রধান শিক্ষক জানান।
মহালছড়ি (খাগড়াছড়ি)
মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে ফাটল দেখা দেয়ায় ইউএনও আবু শাহেদ চৌধুরী পরিত্যক্ত ঘোষণা করে চিঠি দিয়েছেন বলে জানান প্রধান শিক্ষক হ্লাথুই কারবারী। সিঙ্গিনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৯৯১-৯২ সালে নির্মিত ভবনটি কয়েক বছর যেতে না যেতে ছাদ থেকে পানি পড়তে শুরু করেছে। যার ফলে অনেকদিন আগে থেকেই ছাদের বিমগুলোর মধ্যে ফাটল দেখা দেয়।
চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর উপজেলা পরিষদের তিনটি ঝুঁকিপূর্ণ ভবনে ধস আতংক নিয়ে অফিস পরিচালনা করছেন কর্মকর্তা-কর্মচারীরা। বিএডিসির পানাসি প্রকল্প, একটি বাড়ি একটি খামার প্রকল্প, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মসূচি ও বরেন্দ্র বহুমুখী প্রকল্প। এ সকল কর্মসূচির মধ্যে বিএডিসি অফিসটির অনেকাংশ ভেঙ্গে গেছে। ফাটল ধরেছে ছাদে ও দেয়ালে। অন্য অফিসগুলোর পলেস্তারা খসে গেছে। দেয়াল ও ছাদে ফাটল ধরেছে। এ সকল ঝুঁকিপূর্ণ ভবনে ধস আতংক বিরাজ করছে।
ভাঙ্গুড়া (পাবনা)
পাবনার ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রার অফিস ভবনের ছাদ ও বিমে ফাটল ধরে খসে পড়ছে ঢালাই ও প্লাস্টার। যে কোন সময় ভেঙ্গে পড়ে প্রাণহানির আশংকা দেখা দিয়েছে। এছাড়া বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি চুইয়ে ৫টি রেকর্ডরুমে সংরক্ষিত দলিলের ১ হাজারটি ভলিউম নষ্ট হবার উপক্রম হয়েছে। সাব-রেজিস্ট্রার মোঃ নাজমুল হাসান বলেন- খুবই বিপজ্জনক অবস্থার মধ্যে তারা কাজ করছেন। ভবনটি সংস্কারের জন্য গণপূর্ত বিভাগে লিখিত আবেদন-নিবেদন করেও কোন কাজ হচ্ছে না।
