আঁধার ঘরে চাঁদের আলো

আপডেট : ১৩ মে ২০১৩, ২১:৫০
শত অভাব-অনটন ও আর দারিদ্র্যকে জয় করে এবারের এসএসসি পরীক্ষায় সাফল্যের মালা পরেছেন অনেকেই। এর মধ্যে কিশোরগঞ্জের হোসেনপুরের মৌসুমী দিনমজুরের কন্যা, ঝিনাইদহের কালীগঞ্জে পানের বরজের কামলা খাটা মেহেদী পেয়েছেন জিপিএ-৫, সৈয়দপুরের আব্দুল হাকিম বিধবা মায়ের সন্তান আর ইটভাটায় কাজ করে পড়াশোনার খরচ যুগিয়ে গোল্ডেন-এ পেয়েছেন নওগাঁর বিধান। এ যেন আঁধার ঘরে চাঁদের আলো। এসব মেধাবী মুখের খবর তুলে ধরেছেন আমাদের ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলার ধুলজুরী গ্রামের মৌসুমী আক্তার। ফুটফুটে শ্যামলা বর্ণের চেহারা। সারাটা জীবন দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। লেখাপড়া চালিয়ে যাওয়ার মত সাধ্য নেই মা-বাবার। এবারের এসএসসি পরীক্ষায় মৌসুমী আক্তার বিজ্ঞান বিভাগে হোসেনপুর আর্দশ উচ্চ বিদ্যালয় থেকে এ+ পেয়েছে। বাবা দিন মজুর, মা গৃহিনী। তিন শতাংশ ভিটেবাড়ি ছাড়া সহায়-সম্বল বলতে কিছুই নেই। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে মা দর্জির কাজ করে লেখাপড়ার খরচ জোগান। বিদ্যুত্ না থাকায় কেরোসিনের বাতি জ্বালিয়ে লেখাপড়া চালায় মৌসুমী। লেখাপড়ার ফাঁকে ফাঁকে মাকে কাজে সহায়তা করে। আর এই দরিদ্রতা রুখতে পারেনি মৌসুমীকে। অর্থের অভাবে ভাল কলেজে ভর্তি ও লেখাপড়া চালিয়ে যাওয়ার মত সামর্থ্য মা-বাবার নেই। মৌসুমী তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, অর্থের অভাবে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হবে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরহাদ উদ্দিন জানান, দরিদ্র মেধাবী ছাত্রী মৌসুমী কোচিং না করে নিজের চেষ্টা ও শিক্ষকদের অনুপ্রেরণায় এ+ পেয়েছে। কালীগঞ্জ (ঝিনাইদহ) কালীগঞ্জে পান বরজের কামলা মেহেদী হাসান এবারের এসএসসি পরীক্ষায় রায়গ্রাম বানিকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে। তার এই কৃতিত্বে শিক্ষক, পিতা-মাতা ও প্রতিবেশীরা দারুণ খুশি। বাবা মশিয়ার রহমান ও মা ফুলজান খাতুন জানান, ছোটবেলা থেকেই মেহেদী মেধাবী। অভাবের কারণে ঠিকমত তার লেখাপড়ার খরচ চালাতে পারেনি। নিজেদের সংসার চলে না। যেদিন পরের পান বরজে কামলার কাজ হয় সেদিন হাড়ি জ্বলে, অন্যথায় উপোস থাকতে হয়। তাই মেহেদী অন্যের বোঝা না হয়ে নিজের খরচ চালাতে পানের বরজে কামলার কাজ করে। মেহেদী তার এই ভাল ফলাফলের জন্য শিক্ষকমণ্ডলী এবং পিতা-মাতার অবদানের কথা জানান। সে প্রতিদিন ৫-৬ ঘন্টা লেখাপড়া করতো। বড় হয়ে প্রশাসন বিভাগে চাকরি করে দেশের সেবা করতে চান মেহেদী। সৈয়দপুর (নীলফামারী) ছেলে আব্দুল হাকিম এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। গর্বে যেখানে পুরো গ্রাম জানান দেয়ার কথা সেখানে মা ছকিনা বেগম আগতদের কাছে আক্ষেপ করে বলছিলেন ‘মুই মোর ছাওয়াক ক্যাং করি পড়াশুনা করাইম। মোর যে অতুল্যা টাকা-পাইসা নাই। তোমরা ছাওয়াটাক ব্যবস্থা করি দ্যান’। এসময় বাড়িতে আসা সাংবাদিকসহ প্রতিবেশিকে সামর্থ্যের অভাবে মিষ্টিমুখও করাতে পারেননি এই মা। পরে এক প্রতিবেশির নিয়ে আসা তরমুজ কেটে সবাইকে আপ্যায়ন করেন তিনি। খোঁজ নিয়ে জানা যায়, বাবা মহরম আলী প্রায় ৮ বছর আগে মারা গেছেন। বাবা মারা যাওয়ার পর পরিবারে নেমে আসে চরম অনিশ্চয়তা। পড়াশুনার পাশাপাশি কৃষি কাজ করে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আব্দুল হাকিম। তিন ভাই, দুই বোন আর মাকে নিয়ে চালাতে থাকে সংসার। পাশাপাশি চলতে থাকে পড়াশুনা। ভাল ছাত্র ও দরিদ্র হওয়ার কারণে শিক্ষকরা তাকে পড়িয়েছেন বিনে পয়সায়। অভাব-অনটনের সংসারে মা ঝির কাজ করেছেন অন্যের বাড়িতে। স্কুলের শিক্ষকরা জানান, দরিদ্র হওয়ার কারণে ভবিষ্যতে তার লেখাপড়া চালানোটা কষ্টকর হবে। এজন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। নওগাঁ ইটভাটায় কাজ করে লেখাপড়ার খরচ যুগিয়ে পড়াশোনা করত নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র বিধান কুমার মণ্ডল। সে এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন-এ পেয়েছে। বিধানের বাবা দিনমজুর শিবনাথ মণ্ডল কাঠমিস্ত্রির কাজ করতেন। কিন্তু বয়সের ভারে পাঁচ-সাত বছর ধরে তিনি আর কাজ করতে পারেন না। এ অবস্থায় বিধান ইট ভাটায় কাজের পাশাপাশি এত ভাল ফলাফল করে মহল্লার সকলকে অবাক করে দিয়েছে। বিধানের বাড়ি শহরের সুলতানপুর মহরম পাড়ায়। মা ডলি রানী বাড়িতে নকশিকাঁথা সেলাই করে বিক্রি করেন। বিদ্যালয়ের শিক্ষক মোহা: কাবাতুল্লাহ জানান, অদম্য মেধাবী বিধান দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর সে কখনও বিদ্যালয়ের অনুপস্থিত থাকেনি। কোন কোন দিন তাকে গায়ে জ্বর নিয়েও বিদ্যালয়ে উপস্থিত হতে দেখেছি। সংশ্লিষ্ট ওই শিক্ষক আরো জানান, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির জন্য কর্তৃপক্ষ গত বছর তাকে পুরস্কৃত করে। বিধানের সহপাঠি শেখ আদিত আনোয়ার জানায়, পড়াশোনায় তার গভীর আগ্রহ থাকাসহ পারিবারিক অসচ্ছলতার কারণে তারা কয়েক বন্ধু মিলে বিধানকে একটি বাইসাইকেলসহ বই-পুস্তক কিনে দিয়ে সহযোগিতা করেছে। একই সঙ্গে তারা বিদ্যালয়ের শিক্ষকদের অনুরোধ করে বিনা বেতনে প্রাইভেট পড়ার ব্যবস্থাও করে দেয়। অদম্য মেধাবী বিধান ভবিষ্যতে চাটার্ড অ্যাকাউনটেন্ট অথবা ব্যাংকিং খাতে চাকরি করে দেশবাসীর সেবা করতে চায়।