গতকাল সোমবার জীবননগর-কালীগঞ্জ সড়কের বাঁকা ব্রিকফিল্ড নামক স্থানে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পিতা-পুত্র নিহত হয়েছেন। নিহত পিতা নূর ইসলাম (৫৫) ও ছেলে ফয়সাল ইসলাম ঠাণ্ডু (৩২) এ সময় মোটর সাইকেলযোগে জীবননগর বাজারে অবস্থিত তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের ফয়সাল ইসলাম ঠাণ্ডু জীবননগর শহরের মল্লিক মার্কেটে কাঁচের ব্যবসা করেন। গতকাল সকালে ঠাণ্ডু তার পিতাকে নিয়ে মোটর সাইকেলযোগে ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। আহত পিতা-পুত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিত্সা শেষে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তাদের মৃত্যু হয়।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: গতকাল সোমবার সকাল সোয়া সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী বাসকে ওভারটেক করার সময় দুটি মোটর সাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাক চাপায় চার মোটর সাইকেল আরোহী নিহত হয়। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নাধীন পনেররশিয়া গ্রামের জিল্লার রহমানের ছেলে আবদুল কাইউম, মৃত জমসেদ আলীর ছেলে আবদুস সালাম, মৃত আসলাম আলীর ছেলে কবীর আলী এবং একই উপজেলার কানসাট ইউনিয়নাধীন শিবনারায়ণপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে ইয়াজদানী।
