ক্যান্সারমুক্ত থাকতে হলে ধূমপান-মাদক ছাড়তে হবে

আপডেট : ১৩ মে ২০১৩, ২১:৫১
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, ক্যান্সারমুক্ত থাকতে হলে ধূমপান ও মাদকমুক্ত থাকতে হবে। তিনি বলেন, ধূমপায়ীরা অধূমপায়ীদের চেয়ে ১০ বছর কম বাঁচে। গতকাল সোমবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ অডিটরিয়ামে নাক, কান ও গলা বিভাগ (ইএনটি) আয়োজিত জটিল রোগীদের লাইভ অপারেশন শীর্ষক এক সেমিনারে ধূমপানের কুফল বিষয়ে সার্বিক চিত্র তুলে ধরে এসব কথা বলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চিকিত্সক। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মতিউর রহমান, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মসিউর রহমান ও ইএনটি’র বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো: আবু হানিফসহ বিএমএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে বিশেষজ্ঞ ডাক্তার, ইন্টার্নি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তিকৃত রোগীদের লাইভ অপারেশনে যোগ দেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ও ভারতের টাটা মেমোরিয়াল হসপিটালের ইএনটি বিশেষজ্ঞ দল।