ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে এবং উপজেলা নির্বাহী অফিসারের শাস্তি দাবি করে গত রবিবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত ২৫ এপ্রিল এইচএসসি (বিএম) পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান সাঈদ আলতাফুন্নেছা ডিগ্রী কলেজে আসন পুনর্বিন্যাসের কারণে নিজেই অফিস সহকারীর মাধ্যমে নোটিস লিখে তাতে স্বাক্ষর করে ওই ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ সমাবেশে বহিষ্কৃত পরীক্ষার্থীরা তাদের নির্দোষ দাবি করে। ক্ষমতার অপব্যবহার করে তাদের বহিষ্কার করার বিচার দাবি জানায় এবং নির্বাহী অফিসারের শাস্তি দাবি করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান বলেন, আসন বিন্যাস করে পরীক্ষার্থীরা একে অপরের সহযোগিতায় পরীক্ষা দিচ্ছিল। এ কারণে তাদের বহিষ্কার করা হয়েছে।
