রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন ইতিবাচক ভূমিকা পালন করবে —চীনা রাষ্ট্রদূত

আপডেট : ০৯ মে ২০১৯, ০০:৪৬

বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুও বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করবে। বাংলাদেশ ও মিয়ানমার দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য আলোচনা করে যাচ্ছে। চীন আশা করে এ প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন হবে। গতকাল বুধবার স্থানীয় একটি হোটেলে এক প্রেস ব্রিফিং-এ রাষ্ট্রদূত একথা বলেন। তিনি আরো বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশ অত্যন্ত দরিদ্রপীড়িত। সেখানকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো এখন অগ্রাধিকার হওয়া দরকার। এলাকাটিতে শিল্পায়ন জরুরি। স্থানীয়দের কর্মসংস্থান, জীবনযাত্রার মানোন্নয়ন খুবই দরকার।

চীনের রাজধানী বেইজিং-এ গত ২৫ থেকে ২৭ এপ্রিল অনুষ্ঠিত দ্বিতীয় বেল্ট এন্ড রোড ফোরাম সম্পর্কে আয়োজিত ব্রিফিং-এ চীনা রাষ্ট্রদূত বলেন, বেল্ট এন্ড রোড ইনশিয়েটিভ তথা বিআরআই কেবল এশিয়া ও ইউরোপকে কেবল স্থলভাগের সংযোগই হবে না। সকল পর্যায়ে কানেটিভিটির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সামুদ্রিক, ইন্টারনেট সংযোগ, মানুষে মানুষে সংযোগ ও বিআরআই-এর অন্যতম লক্ষ্য।

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বেসরকারি খাত, গণমাধ্যম— সকল ক্ষেত্রে বহুপাক্ষিক সংযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা বৈশ্বিক রূপ পাবে। ইতোমধ্যে বিআরআই বাস্তবায়নে ২৮৩টি উদ্যোগ নিয়েছে চীন সরকার। এসব উদ্যোগ বাস্তবায়িত হবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি ও বহুপাক্ষিক চুক্তির মাধ্যমে বলে রাষ্ট্রদূত জানান।