রাসবেরি পাই-এ এবার যুক্ত হলো ক্যামেরা

আপডেট : ১৪ মে ২০১৩, ১৯:৪৩
হাতের মুঠোয় কম্পিউটার বলতে যা বুঝায়, ঠিক তাই যেন রাসবেরি পাই। হাতের মুঠোয় এঁটে যাওয়া একটি বোর্ডের উপরেই প্রসেসর, র্যামসহ পূর্ণাঙ্গ একটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে এই রাসবেরি পাই। মাত্র ৩৫ ডলার দামের রাসবেরি পাই মূলতই তৈরি হয়েছে প্রোগ্রামিংয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য। আর তৈরির পর থেকেই এটি সাড়া ফেলেছে সকলের মাঝে। শুধু তাই নয়, প্রথমবার বাজারে আসা রাসবেরি পাইগুলো শেষ হয়ে গেছে নিমেষের মধ্যেই। ইতোমধ্যেই দ্বিতীয় প্রজন্মের রাসবেরি পাই তৈরিতে কাজ শুরু করে দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। প্রোগ্রামিংয়ে আগ্রহীদের জন্য তৈরি করা রাসবেরি পাই যে এর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, সে বিষয়ে সন্দেহ দূর করতেই এটি বাজারে আসার পর থেকেই এর ব্যবহারকারীরা তৈরি করে যাচ্ছেন একের পর এক অ্যাপ্লিকেশন। রাসবেরি পাই ব্যবহার করে আরও নিত্য নতুন কী কী করা যায়, তার যেন এক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় এবারে রাসবেরি পাইয়ের জন্য তৈরি হয়ে গেছে একটি ক্যামেরা মডিউল। এর ফলে এখন রাসবেরি পাই থেকেই তোলা যাবে ছবি। এর দামও রাখা হয়েছে হাতের নাগালেই, মাত্র ২৫ ডলার। নতুন তৈরি হওয়া এই ক্যামেরা বোর্ডের আকৃতি ২৫ মিলিমিটার বাই ২০ মিলিমিটার বাই ৯ মিলিমিটার। এই ক্যামেরাটির রেজ্যুলেশন ৫ মেগাপিক্সেল। অর্থাত্, এর মাধ্যমে ২৫৯২ বাই ১৯৪৪ পিক্সেল রেজ্যুলেশনের ছবি তোলা যাবে। শুধু ছবি তোলাই নয়, এর মাধ্যমে ভিডিও করার সুযোগও থাকছে। ভিডিও’র ক্ষেত্রে এটি ১০৮০ পিক্সেল, ৭২০ পিক্সেল এবং ৬৪০ বাই ৪৮০ পিক্সেল রেজ্যুলেশনের ভিডিও ধারণ করতে সক্ষম। রাসবেরি পাইয়ের জন্য তৈরি রাসবিয়ান অপারেটিং সিস্টেম থাকলেই এই ক্যামেরা বোর্ডটি ব্যবহার করা যাবে। ক্যামেরা মডিউল ব্যবহার করতে হলে অবশ্য এর ফার্মওয়্যার আপডেট লাগবে। আর জিপিইউতে দিতে হবে ১২৮ মেগাবাইট র্যাম শেয়ার। রাসবেরি পাইয়ের নতুন এই ক্যামেরা মডিউল বাজারে আসার পরপরই অবশ্য ফটোগ্রাফির একটি প্রতিযোগিতারও আয়োজন করেছে ইলেমেন্টস ১৪। ‘রাসবেরি পাই ফটোগ্রাফি কম্পিটিশন’ নামের এই প্রতিযোগিতায় রাসবেরি পাইয়ের জন্য তৈরি ক্যামেরা মডিউল দিয়ে ছবি তুলে তা আপলোড করে অংশ নেওয়া যাবে। www.element14.com ওয়েবসাইটে গিয়ে এই প্রতিযোগিতা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এই সাইটে গিয়ে রাসবেরি পাই সম্পর্কে আরও অনেক তথ্যই পাওয়া যাবে। এই ওয়েবসাইটে রয়েছে রাসবেরি পাই সম্পর্কিত একটি কমিউনিটি। এখানে রাসবেরি পাই অ্যাকসেসরিজ নামে রয়েছে একটি গ্রুপ। এই গ্রুপে রাসবেরি পাইয়ের বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ নিয়ে রয়েছে নতুন সব খবর। শুধু তাই নয়, রাসবেরি পাই ব্যবহার নিয়ে নানা রকম সমস্যার সমাধানও পাওয়া যাবে এখানে। আবার রাসবেরি পাইয়ের জন্য তৈরি নানা ধরনের অ্যাকসেসরিজ কেনার সুযোগও রাখা হয়েছে এই সাইটে। এখান থেকেই রাসবেরি পাই সংক্রান্ত প্রয়োজনীয় যেকোনো তথ্য পাওয়া যাবে। এই সাইটে ক্যামেরা মডিউলটি ব্যবহারের বিস্তারিত তথ্য নিয়ে একটি নির্দেশিকাও রয়েছে। http://goo.gl/kOmWv লিংকে গেলে পাওয়া যাবে এই নির্দেশনাটি। এই নির্দেশনায় ক্যামেরা মডিউলটি ব্যবহারের পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে। রাসবেরি পাই এখন শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ডিভাইসে পরিণত হয়েছে। এর নানা ধরনের অ্যাকসেসরিজ একে আরও জনপ্রিয় করে তুলবে, সে বিষয়ে সন্দেহ নেই কারও। ভবিষ্যতে তাই রাসবেরি পাই নিয়ে আরও অ্যাকসেসরিজ এবং অ্যাপ্লিকেশন বাজারে আসবে বলেই মন্তব্য বিশ্লেষকদের।