বিভিন্ন পদে ২২৯ কর্মী নিয়োগ দেবে ডেসকো

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৯:১২

সম্প্রতি অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৫টি পদে সর্বমোট ২২৯ জনকে নিয়োগ দেয়া হবে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, চলবে আগামী ৩ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত। যোগ্য ও আগ্রহীরা চাইলে আবেদন করতে পারেন ডেসকো’র নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের বিস্তারিত নিয়ে লিখেছেন মাহবুব শরীফ 

সম্প্রতি ডেসকো’র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এবারের প্রক্রিয়াতে অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন পদে সর্বমোট ২২৯ জনকে নিয়োগ দেয়া হবে। এর আগে চলতি বছরের ২৯ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ডেসকো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা জুন মাসে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লিখিত পদগুলোতে আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবেদন করতে হবে না। তাদের পূর্ববর্তী আবেদনই বহাল থাকেবে।

 

আবেদনের পদসমূহ

সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১৫টি পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেয়া হবে। এই পদগুলো হলো- সহকারী প্রকৌশলী (টেকনিক্যাল), সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), উপসহকারী প্রকৌশলী (টেকনিক্যাল), জুনিয়র সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), জুনিয়র সহকারী ব্যবস্থাপক (অর্থ), সহকারী ক্যাবল জয়েন্টার, অফিস সহকারী (বিলিং/রেভিনিউ/স্টোর ভেন্ডিং)/ ফিল্ড সহকারী, সাব-স্টেশন অ্যাটেনডেন্ট, মেশিন অপারেটর, অ্যাসিস্ট্যান্ট কমপ্লেইন্ট সুপারভাইজর, সহকারী লাইনম্যান, রিসিপশনিস্ট, ইলেকট্রিশিয়ান, স্পেশাল গার্ড এবং বার্তাবাহক। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে ১৩ নভেম্বর দৈনিক ইত্তেফাকের ৭ পৃষ্ঠায়। এছাড়াও পাওয়া যাবে www.desco.org.bd/bangla/career_b.php ওয়েবসাইটে।

 

আবেদন পদ্ধতি

উল্লিখিত পদগুলোতে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের ডেসকো’র নিজস্ব ওয়েবসাইট (www.desco.org.bd) থেকে প্রাপ্ত অনলাইন ফর্ম এর মাধ্যমে তা সম্পন্ন করতে হবে। অনলাইন ফর্মের সঙ্গে স্ক্যানকৃত ছবি, স্বাক্ষর, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদের কপি আপলোড করতে হবে। অনলাইন আবেদন ফর্ম পূরণের জন্য ডেসকো’র ওয়েবসাইটে প্রদর্শিত আবেদন সংক্রান্ত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করতে হবে। ডেসকো’র ওয়েবসাইটে প্রদর্শিত নির্দেশিকা অনুসরণ পূর্বক আবেদন ফি বাবদ সহকারী প্রকৌশলী (টেকনিক্যাল), সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), উপসহকারী প্রকৌশলী (টেকনিক্যাল), জুনিয়র সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), জুনিয়র সহকারী ব্যবস্থাপক (অর্থ) পদের বিপরীতে ১ হাজার ৫শ’ টাকা এবং সহকারী ক্যাবল জয়েন্টার, অফিস সহকারী (বিলিং/রেভিনিউ/স্টোর ভেন্ডিং)/ ফিল্ড সহকারী, সাব-স্টেশন অ্যাটেনডেন্ট, মেশিন অপারেটর, অ্যাসিস্ট্যান্ট কমপ্লেইন্ট সুপারভাইজর, সহকারী লাইনম্যান, রিসিপশনিস্ট, ইলেকট্রিশিয়ান, স্পেশাল গার্ড এবং বার্তাবাহক পদের বিপরীতে ১ হাজার টাকা ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’ এর মাধ্যমে আগামী ৩ ডিসেম্বর রাত ১২:০০ টার মধ্যে পরিশোধ করতে হবে। 

 

পরীক্ষা পদ্ধতি

উল্লিখিত পদগুলোতে আবেদনের আদনের শেষে বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে বলে ডেসকো’র একটি সূত্র জানিয়েছে। আবেদন জমা হওয়ার নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া আবেদন যাচাই-বাছাই করে যোগ্যদের তালিকা এবং প্রবেশপত্র অনলাইনে আপলোড করা হবে। প্রবেশপত্রে পরীক্ষার ধরন, সময়, স্থানসহ প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে। প্রার্থীরা ডেসকো’র ওয়েবসাইট থেকে প্রবেশপত্র প্রিন্ট ও ডাউনলোড করে নিতে পারবে। পরীক্ষা নেওয়া হয় তৃতীয় পক্ষের মাধ্যমে। প্রার্থী বাছাইয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ডেসকো সূত্র আরো জানিয়েছে, প্রার্থীদের সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। এর মধ্যে ৮০ নম্বরের লিখিত এবং ২০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষায়। এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে ২০, পদসংশ্লিষ্ট বিষয়ে ৪০, সাধারণ জ্ঞানে ২০, বাংলা, ইংরেজি ও পাওয়ার সেক্টর মিলে থাকবে ২০ নম্বর। ১০০ নম্বরকে ৮০-তে কনভার্ট করে মূল্যায়ন করা হবে। লিখিত পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে পাস করলে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের আবার কল করা হবে। কর্তৃপক্ষ চাইলে পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আনতে ও পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

 

পরীক্ষার প্রস্তুতি

ডেসকো’র সূত্র থেকে জানা যায়, নিয়োগ পরীক্ষায় পদসংশ্লিষ্ট বিষয়, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, পাওয়ার সেক্টরের প্রাথমিক বিষয়, সাধারণ জ্ঞান এবং বাংলা ও ইংরেজি, বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে। বাজারে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির বেশ কিছু বই পাওয়া যায়। এসব বই কাজে দেবে। এ ছাড়া এইচএসসির বাংলা, উচ্চতর গণিত, ইংরেজি এবং নবম-দশম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে ভালো ধারণা রাখতে হবে।

টেকনিক্যাল পদে পদসংশ্লিষ্ট প্রশ্নও করা হতে পারে। এসব পদে অষ্টম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের ওপর জোর দিতে হবে। বাজারে বিভিন্ন প্রকাশনীর নিয়োগ বই পাওয়া যায়। এসব বইয়ে আগের নিয়োগ পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকে। সংশ্লিষ্ট বিভাগের বিগত বছরগুলোর নিয়োগ পরীক্ষার প্রশ্ন অনুসরণ করলে এমসিকিউ ও লিখিত পরীক্ষায় ভালো করা যাবে। এমসিকিউ পরীক্ষার বাংলা অংশে ব্যাকরণ এবং সাহিত্য থেকে প্রশ্ন করা হয়। সাহিত্য অংশে বিভিন্ন কবি-সাহিত্যিকের জীবনী, সাহিত্যকর্ম, বিভিন্ন গ্রন্থের নাম, উপন্যাস বা গল্পের বিভিন্ন চরিত্রের নামসহ সাহিত্যের অন্যান্য অংশ থেকে প্রশ্ন আসে। এমসিকিউ ও লিখিত উভয় পরীক্ষায় পাটীগণিত ও বীজগণিত থেকে প্রশ্ন আসে। বিভিন্ন সংস্থা ও জোট, বিভিন্ন দেশ, মুদ্রা, বিশ্বরাজনীতি, দিবস, সম্মেলন, পুরস্কার, সম্মাননা, খেলাধুলা, আন্তর্জাতিক আইন, বিচারব্যবস্থাসহ সাম্প্রতিক সময়ের বিশ্বের নানা ঘটনাপঞ্জি থেকে প্রশ্ন আসে আন্তর্জাতিক বিষয়াবলিতে। প্রার্থী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে যে বিষয়ে পড়াশোনা করেছে, ভাইভায় সে বিষয় সম্পর্কেই বেশি প্রশ্ন করা হয়। 

 

বেতনসীমা

সহকারী প্রকৌশলী (টেকনিক্যাল) ও সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে বেতন পাওয়া যাবে ৫১ হাজার টাকা। উপসহকারী (টেকনিক্যাল), জুনিয়র সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ও জুনিয়র সহকারী ব্যবস্থাপক (অর্থ) পদে ৩৯ হাজার টাকা। সহকারী ক্যাবল জয়েন্টার পদে ২৫ হাজার টাকা। অফিস সহকারী, সাব-স্টেশন অ্যাটেনডেন্ট, মেশিন অপারেটর, সহকারী কমপ্লেইন্ট সুপারভাইজর পদের বেতন ২৪ হাজার টাকা। সহকারী লাইনম্যান, রিসিপশনিস্ট, ইলেকট্রিশিয়ান পদে ২৩ হাজার টাকা, স্পেশাল গার্ড পদে ১৮ হাজার টাকা এবং বার্তাবাহক পদে ১৫ হাজার ৫শ’ টাকা মূল বেতনসহ অন্যান্য সুবিধা পাবেন চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তরা।