একটি ব্রিজের অভাবে মৌলভীবাজারের জুড়ীতে জীবনের ঝুঁকি নিয়ে একটি বাঁশের সাঁকো দিয়ে পারাপার হয় ৬ ইউনিয়নের শত শত মানুষ। ইউনিয়নগুলো হলো জুড়ি উপজেলার জায়ফরনগর, পশ্চিমজুড়ী, পূর্বজুড়ী, গোয়ালবাড়ি এবং বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ও সুজানগর ইউনিয়ন। জুড়ী উপজেলার জাঙ্গিরাই-সুজানগর রাস্তার পশ্চিম বাছিরপুর গ্রামের খালের মুখ নয়াবাজার সংলগ্ন জুড়ী নদীর উপর ওই বাঁশের সাঁকোটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ওই নদীতে কোন ব্রিজ না থাকায় শুরু থেকে এলাকাবাসী ওই বাঁশের সাঁকোটি নির্মাণ করেন। ফলে, যে কোন সময় এটি ভেঙ্গে দুর্ঘটনা ঘটতে পারে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে এ পথেই যাতায়াত করতে হয় শত শত মানুষকে। জানা গেছে, উপজেলার এই সাঁকো দিয়ে জাঙ্গিরাই, শিমুলতলা, নয়াগ্রাম, ইউসুফনগর, বাছিরপুর, খাগটেকা, চালবন, কুইয়াছড়া, কৃষ্ণনগর (মোহাম্মদপুর), কালনীগড়, ভবানীপুর, নয়াবাজার, গোয়ালবাড়ি, বড়ধামাই, পাতিলাসাঙ্গন, দক্ষিণভাগ, আজিমগঞ্জ, সুজানগরসহ অন্য গ্রামের শত শত লোক প্রতিদিন যাতায়াত করে। এছাড়া এ সাঁকো দিয়ে স্কুল-কলেজ-মাদ্রাসাগামী শিক্ষার্থীরা জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়, নিরোদবিহারী উচ্চ বিদ্যালয়, জুড়ী টি এন খানম একাডেমী ডিগ্রি কলেজ, নয়াগ্রাম শিমুলতলা দাখিল মাদ্রাসা, নয়াবাজার শিশু শিক্ষা সদন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুইয়াছড়ি দাখিল মাদ্রাসা, নয়াবাজার আহ্মদিয়া ফাজিল মাদ্রাসা, নয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। হাকালুকি হাওরাঞ্চলের প্রায় ১০হাজার হেক্টর জমির ধান নিয়ে বাঁশের সাঁকো পারাপার হন এ অঞ্চলের কৃষকরা। গ্রামবাসীদের আশংকা যে কোন সময় সাঁকোটি ভেঙ্গে কিংবা সেখান থেকে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
