ফুলছড়িতে নদীভাঙ্গন রোধে স্বেচ্ছাশ্রমে ডাম্পিং ও পাইলিং

আপডেট : ১৪ মে ২০১৩, ২০:৪০
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কামারপাড়া ও নামাপাড়া গ্রামে যমুনা নদী ভাঙ্গনরোধে স্বেচ্ছাশ্রমে করলো বালুর বস্তা ডাম্পিং ও পাইলিং কাজ। পানি উন্নয়ন বোর্ডের ফুলছড়ি রক্ষা প্রকল্পের দক্ষিণাংশে বধ্যভূমি থেকে শুরু করে কামারপাড়া ও নামাপাড়া গ্রামের প্রায় ৩ হাজার পরিবারের বসতভিটা, ফুলছড়ি ডিগ্রী কলেজ, ফুলছড়ি সিনিয়র মাদ্রাসা, বাউশি প্রাথমিক বিদ্যালয়, ২টি সার্বজনীন মন্দির, ২টি মসজিদ, ঈদগা মাঠ নদী ভাঙ্গনের কবলে পড়ে। আতংকিত এলাকাবাসী সম্প্রতি কয়েক দফা আলোচনায় বসে নিজেদের উদ্যোগে ভাঙ্গন ঠেকাতে নদীর তীরে বালুর বস্তা ডাম্পিং ও পাইলিং কাজ করার সিদ্ধান্ত নেন। এ কাজে কেউ বাঁশ, কেউবা গজাল (তারকাঁটা), সুতলি, কেউ বস্তা আবার কেউবা অন্যান্য উপকরণ দিয়ে সহযোগিতা করেন। গ্রামের সমাজসেবী, বৃদ্ধ, তরুণ, নারী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে স্বেচ্ছাশ্রমে গত সোমবার পর্যন্ত প্রায় ৫০০ মিটার নদীর তীরে এ কাজ সম্পন্ন করেন। কামারপাড়া গ্রামের বাসিন্দা কাজী আশরাফুল ইসলাম টিটু ক্ষোভ প্রকাশ করে জানান, পানি উন্নয়ন বোর্ডকে কয়েক দফা বিষয়টি জানালেও তারা ভাঙ্গন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়েই নিজের গ্রাম, বিভিন্ন প্রতিষ্ঠানকে রক্ষা করতে তারা এ কাজটি শুরু করেছেন। ওই কাজে অংশ নেয়া সমাজসেবী নুরুন্নবী মুন্সী, আব্দুল আজিজ ফকির, সুরুজ্জামান জানান, এভাবেই তারা স্বেচ্ছাশ্রমে কাজ করে আগামী বন্যার আগে এলাকাকে নদী ভাঙ্গনমুক্ত করার চেষ্টা করছেন। গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোতোষ রায় মিন্টু জানান, শুধু সরকারের ওপর নির্ভর না করে নিজেদের উদ্যোগেও কাজ করা যেতে পারে এটা তার একটি উদাহরণ। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মেহেদি-উল-সহিদ জানান, ওই এলাকার ভাঙ্গনরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আসাফুদ্দৌলা জানান, নদীর ভাঙ্গন থেকে ওই এলাকাগুলো রক্ষায় এই মুহূর্তে কোনো বরাদ্দ নেই।