নো-ম্যান্সল্যান্ডে দু’দেশের জাতীয় পতাকা একই সাথে উঠবে-নামবে

আপডেট : ১৪ মে ২০১৩, ২০:৪১
বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডে স্থাপন করা হচ্ছে এবার আন্তর্জাতিক রিট্রিট সিরিমনি সেন্টার। সকাল-সন্ধ্যায় দুই দেশের জাতীয় পতাকা উঠানো ও নামানোর আগে বিউগলে বাজবে দুই দেশের জাতীয় সংগীত। দর্শকদের জন্য নির্মাণ করা হচ্ছে গ্যালারি। আন্তর্জাতিক রিট্রিট সিরিমনি স্থাপন হলে দুই দেশের সীমান্তে বিরোধপূর্ণ অনেক সমস্যা দ্রুত সমাধানে অগ্রণী ভূমিকা রাখবে। জোরদার হবে সৌহার্দ্য ও সমপ্রীতির । কমবে বিএসএফের হাতে নিরীহ বাংলাদেশি হত্যার ঘটনা। ব্যবসা-বাণিজ্যে ফিরবে গতিশীলতা। পর্যটন নগরী হিসাবে পরিণত হবে এশিয়ার সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। ভারত-পাকিস্তান সীমান্তে এ ধরনের রিট্রিট সিরিমনি সেন্টার রয়েছে। আন্তর্জাতিক রিট্রিট সিরিমনি সেন্টার ও দর্শকদের জন্য গ্যালারি নির্মাণের জায়গা নির্ধারণের জন্য সমপ্রতি বেনাপোল চেকপোস্টে বিজিবি আইসিপি ক্যাম্পে ভারত ও বাংলাদেশে বিএসএফ ও বিজিবির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন খুলনা বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন। বিএসএফের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফের ডিআইজি ব্রিগেডিয়ার জেনারেল রাজেস গুপ্ত। বৈঠক শেষে প্রতিনিধিদলটি উভয় সীমান্তে নির্ধারিত জায়গা পরিদর্শন করে কার্যক্রম শুরু করেন। যশোর ২৬ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর রায়হান জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে আলোচনা হয়েছে। ইতিমধ্যে আন্তর্জাতিক রিট্রিট সিরিমনি সেন্টার স্থাপনের জন্য বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে ৬ একর জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। বাংলাদেশে জমি অধিগ্রহণের কাজ শেষ হওয়ার পথে। আন্তর্জাতিক রিট্রেট সিরিমনি সেন্টারে প্রতিদিন সকাল-সন্ধ্যায় ভারত-বাংলাদেশ দুই দেশের জাতীয় পতাকা একসাথে উঠানো ও নামানো হবে। এ সময় একসঙ্গে বাজবে দুই দেশের জাতীয় সংগীত। ২ হাজার দর্শনার্থীর মিলনমেলার পরিবেশ থাকবে এখানে।