ভাঙ্গুড়ায় রক্ষা পেল পাঁচ হাজার হেক্টর জমির ধান

আপডেট : ১৪ মে ২০১৩, ২০:৪১
পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার প্রায় পাঁচ হাজার হেক্টর জমির বোরো ধান অল্পের জন্য রক্ষা পেয়েছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের হস্তক্ষেপে এ বিপর্যয় থেকে কৃষক রক্ষা পেল। আকস্মিক সৃষ্ট এ দুর্যোগের কারণে উপজেলার পাঁচটি গ্রামের কৃষক দিশেহারা হয়ে পড়েছিল। প্রকাশ, চলনবিল অধ্যুষিত ভাঙ্গুড়া উপজেলার ভেতর দিয়ে গুমানী নদী প্রবাহিত। হঠাত্ করে গত এক সপ্তাহ যাবত্ নদীর পানি সীমাহীনভাবে বাড়তে থাকে। এর ফলে উপজেলার খানমরিচ, দিলপাশার, আষ্টমনিষা, চরভাঙ্গুড়া ও ভাঙ্গুড়া মৌজায় আবাদকৃত ৬ হাজার ৯৫০ হেক্টর জমিতে বোরো আবাদের মধ্যে প্রায় পাঁচ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে যাবার আশংকা দেখা দেয়। পাকা ও আধাপাকা ধান রক্ষার জন্য কৃষকরা ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তার শরণাপন্ন হয়। অনুসন্ধানে কৃষি কর্মকর্তা দেখতে পান, গুমানী নদী সংলগ্ন ক্যানেল ও পার্শ্ববর্তী পুঁই বিল গাছাবাড়ি নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রকল্পে প্রবেশ করে কৃত্রিম বন্যার সৃষ্টি করছে। কৃষি কর্মকর্তার আহ্বানে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অঞ্চলের জনপ্রতিনিধিগণ সাড়া দিয়ে পুঁই বিলের বাঁধ মেরামতের উদ্যোগ নেন। বাঁধ মেরামতের কারণে গুমানী নদীর পানি গত সোমবার থেকে কমতে থাকে এবং বোরো ধানের জমি থেকে পানি নামতে শুরু করে।