শত অভাব-অনটন আর দারিদ্র্যকে জয় করে এবারের এসএসসি পরীক্ষায় সাফল্যের মালা পরেছেন অনেকেই। ক্ষেতলালে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উল্লসিত হলেও ছেলের ভবিষ্যত্ নিয়ে শংকিত শুভ হিরোর বাবা-মা। ভাল ফলাফল করেও সৈয়দপুরের ব্রাহ্মনী রায় আদুরীর কলেজে ভর্তি অনিশ্চিত। এসব মেধাবী মুখের খবর তুলে ধরেছেন আমাদের ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
ক্ষেতলাল (জয়পুরহাট)
উপজেলার প্রত্যন্ত পল্লীর শিক্ষা প্রতিষ্ঠান বানাইচ মোমিন উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়া হতদরিদ্র দিনমজুর পরিবারের সন্তান জাহিদ হাসান শুভ এবং দুধ বিক্রেতা হিরো শেখের ভাল রেজাল্টে একদিকে যেমন উল্লসিত অপরদিকে তাদের গরীব বাবা-মা শংকিত সন্তানদের উচ্চ শিক্ষার ব্যয় কিভাবে নির্বাহ করবেন সে চিন্তায়।
শুভ’র বাবা বাবলু মন্ডল একজন দিনমজুর। নিজস্ব বসতভিটা না থাকায় বানাইচ গ্রামের মৃত বাশিরুল ইসলাম বাচ্চুর পালিত কন্যা সালেহা বেগম ভানুকে বিয়ে করে সেখানেই আশ্রিত হিসাবে বসবাস করে আসছেন। ছোটবেলা থেকেই মেধাবী হওয়ায় শুভর পালিত নানী নুরজাহান বেগম তার মামারা সামর্থ্যের মধ্যে পড়াশুনার তদারকি করতেন। জেএসসিতেও শুভ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। শুভ’র স্বপ্ন সুযোগ পেলে সে একজন প্রকৌশলী হবে।
সৈয়দপুর (নীলফামারী )
বাবা সবজি বিক্রেতা। অভাবী সংসার। তিন বেলা খাবার জোটে না। মাত্র একসেট পোশাক প্রতিদিন পরিধান করে পুরো তিন বছর ক্লাস করে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে দরিদ্র পরিবারের মেধাবী সন্তান ব্রাহ্মনী রায় আদুরী। সে উপজেলার লক্ষণপুর স্কুল এন্ড কলেজ বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়ে ওই কৃতিত্ব অর্জন করেছে। পরিবারের চরম অভাব-অনটনের কারণে কলেজে ভর্তিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে আদুরীর। আদুরীর একমাত্র ভাই অর্জুন চন্দ্র রায় দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিষয়ে অনার্স (সম্মান) পড়ছে। প্রাইভেট পড়িয়ে নিজের পড়ালেখার খরচ নির্বাহ করে সে।
