বিভিন্ন স্থানে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ১৪ মে ২০১৩, ২০:৪৪
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে বিদ্যুত্ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর। বড়াইগ্রাম (নাটোর) উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কমপক্ষে অর্ধশতাধিক আধাপাকা ও কাঁচা বাড়ি-ঘর, দোকানপাট ও একটি শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়। চাটমোহর (পাবনা) পাবনার চাটমোহরে সোমবার রাতে প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাপকভাবে ক্ষতি হয়েছে বিদ্যুত্ সরবরাহ লাইনের। ঝড়ের কবলে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। নাগরপুর (টাঙ্গাইল) উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে কালবৈশাখীর তাণ্ডবে কাঁচা, আধা-পাকা ঘর-বাড়ি, গাছপালা ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত সোমবার রাত সাড়ে দশটায় প্রচণ্ড বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার নাগরপুর সদর, সহবতপুর, ভারড়া, মোকনা, গয়হাটা, ধূবড়িয়া, দপ্তিয়র, সলিমাবাদ এবং ভাদ্রা ইউনিয়নের গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে শতাধিক কাঁচা, আধা পাকা, ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। জীবননগর (চুয়াডাঙ্গা) ]উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে সিংনগর মাধ্যমিক বিদ্যালয় বিধ্বস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যালয়ের একটি বিল্ডিংয়ের টিনের চালা উড়ে গেছে। ঝড়ে টিনের চালা উড়ে ভবনটি বিধ্বস্ত হওয়ায় বিদ্যালয়টি শ্রেণিকক্ষ সংকটে পড়েছে।