মিরপুরে বাসচাপায় শিশু নিহত

আপডেট : ০৯ মে ২০১৯, ০১:০৪

রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় বাসচাপায় আনিস (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন পরিস্থান পরিবহনের বাসটি ভাংচুর করেন এবং দায়ী চালক-হেলপারের শাস্তির দাবি জানান। পরে পুলিশ গিয়ে বাসটি জব্দ করে। তবে রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চালক-হেলপারকে গ্রেফতার করা যায়নি।

মিরপুর থানার ওসি দাদন ফকির জানান, পাইকপাড়ায় একটি রেস্টুরেন্টের সামনে রাত সাড়ে ৯টার দিকে বাসচাপা দেওয়ার ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ওই স্থানে অনেক সময় বাস থামিয়ে রাখা হয়। ঘটনার সময় চালক নাকি হেলপার বাসটি চালাচ্ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

সূত্র জানায়, রেস্টুরেন্টের সামনের রাস্তা পার হওয়ার সময় পরিস্থান পরিবহনের বাসটি আনিসকে চাপা দেয়। এতে মারাত্মক আহত হয় শিশুটি। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে বিক্ষোভ দেখায়।